
নিজস্ব প্রতিবেদক: সাপ্লাই চেইনের সুষ্ঠু ব্যবস্থাপনা শুধু প্রতিষ্ঠান নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সাপ্লাই চেইন ও বাণিজ্যসম্পৃক্ত সংশ্লিষ্টরা।
শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিআইএইচআরএম), সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আয়োজিত ‘ষষ্ঠ সাপ্লাই চেইন কনভেনশন’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
দেশের সর্ববৃহৎ সাপ্লাই চেইন প্রফেশনালদের এ সম্মেলনে প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জনকে সনদ দেয়া হয়। এ সময় আন্তর্জাতিক মানসম্পন্ন ‘চাটার্ড সাপ্লাই চেইন প্রফেশনাল’ ডিগ্রি প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এ ডিগ্রির সঙ্গে সম্পৃক্ত রয়েছে কানাডা, পোল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশ। এখন থেকে বাংলাদেশে বিআইএইচআরএম ডিগ্রি প্রদান করতে পারবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতার বিশ্বে সাপ্লাই চেইন প্রফেশনালদের আরো বেশি তত্পর হতে হবে। এক্ষেত্রে সরাসরি ভোক্তার কাছে পৌঁছাতে ব্লকচেইন পদ্ধতি ব্যবহার করা সুবিধাজনক। অনলাইনে, সরাসরি অথবা গ্রাহককে তার সুবিধামতো পণ্য কেনার সুযোগ দেয়া এবং সরবরাহ করতে হবে। এক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের পদ্ধতি চালু রাখা উচিত বলে মত তাদের।
অনুষ্ঠানে ২৫টি ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ছিলেন মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংসের জেনারেল ম্যানেজার এএফএম সাদেকুল ইসলাম, কাজী আবেদীন টেক্সটাইল লিমিটেডের জিএম দেবব্রত বিশ্বাস, আরএ স্পিনিং মিলস লিমিটেডের ডিজিএম মিহির কুমার বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশে বাটার হেড অব স্টোর মো. নজরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে জ্যেষ্ঠ ব্যবসায়ী, সাপ্লাই চেইন,
বিপণন, লজিস্টিক, পরিবহন, আন্তর্জাতিক বাণিজ্য-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন চার্টার্ড সাপ্লাই চেইন প্রফেশনালস শারফ উদ্দিন লিসান।
বিনিয়োগবার্তা/এসএএম//