
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি দেশে জ্বালানি তেল ও ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়িয়েছে সরকার। এ কারণে পণ্য পরিবহন, জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন খরচ ও আনুষঙ্গিক কাঁচামাল এবং সেবার মূল্য বেড়েছে। এসব বিবেচনায় পোশাক উৎপাদন খরচ ৪-৫ শতাংশ পর্যন্ত বাড়বে।
শনিবার (২০ নভেম্বর) রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।
সংবাদ সম্মেলনে বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি এসএম মান্নান (কচি), শহিদুল্লাহ আজিম, খন্দকার রফিকুল ইসলাম, মিরান আলী, রাকিবুল আলম চৌধুরী, পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম, আসিফ আহমেদ, মহিউদ্দিন রুবেল, আসিফ আহমেদসহ পরিচালনা পর্ষদের অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে দেশের তৈরি পোশাক খাতের উৎপাদন খরচ ৪-৫ শতাংশ বাড়বে। করোনার কারণে প্রায় দুই বছরে তেমন কোনো কর্মসংস্থান তৈরি হয়নি। এ অবস্থায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যবসা সহজীকরণ এবং নীতি স্থিতিশীলতা প্রয়োজন। এমন পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধি নয় বরং কমানোর বিষয়ে সরকারকে বিবেচনায় নেওয়া দরকার।
আগামী ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশনের (আইএএফ) ৩৭তম সম্মেলন ঢাকায় হবে জানিয়ে তিনি বলেন, একক খাতের আন্তর্জাতিক সম্মেলন এটাই প্রথম হবে দেশে। ওই সম্মেলনে ‘মেড ইন ব্যাংলাদেশ উইক’ ব্রান্ডিং তুলে ধরে সপ্তাহব্যাপী একটি আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরের নভেম্বরে এ সম্মেলন হতে পারে বলে জানান তিনি।
বিজিএমইএ জানায়, পোশাকশিল্পের প্রসার, প্রচার এবং উন্নয়নে বিজিএমইএর প্রাণান্ত প্রচেষ্টা ও উদ্যোগ সর্বদা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি বিজিএমইএ সভাপতি ফারুক হাসানসহ প্রতিনিধিরা যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশ সফর করেন। সফরকালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সম্মেলনের (কপ২৬) ২৬তম অধিবেশনে যোগদান করেন তারা।
বিনিয়োগবার্তা/এসআর/ডিএফই/এসএএম//