
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামী ২৪ নভেম্বর সারাদেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে দলটি।
সোমবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। এ সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবদিক থেকে ব্যর্থ হয়েছে। আমাদের সামনে এখন আর কোনো পথ নেই। একটিমাত্র পথ আছে সেটি হলো আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন।
তিনি বলেন, আগামী ২৪ তারিখে আমরা সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয় বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্মারকলিপি দেবো। এতে যদি মুক্তি না হয় তাহলে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগরী শাখার সদস্য রফিকুল আলম মজনু, আমিনুল হক, সুলতান সালাউদ্দীন টুকু, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।
বিনিয়োগবার্তা/এসএএম//