Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 24 Nov 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে আরও উন্নত চিকিৎসার দাবিতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এ কর্মসূচির ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়ার অবস্থা ভেরি ক্রিটিক্যাল। ডাক্তার সাহেবরা মনিটরিং করছেন। তারা তাদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন।

তিনি বলেন, ‘সরকার গত তিন বছরে বেগম খালেদা জিয়াকে কোনো চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। সরকার গণতন্ত্রকে হরণ করার জন্য এ ক্যারিশম্যাটিক নেত্রীকে বন্দী করে রেখেছে।

বিএনপি মহাসচিব বলেন, ২৫ তারিখ যুবদল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। ২৬ তারিখ সারা দেশে মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া, ২৮ তারিখ সেচ্ছাসেবক দল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি করবে। ৩০ তারিখ বিভাগীয় শহরগুলোতে সমাবেশ, ২ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদলের মানববন্ধন, ৩ তারিখ কৃষকদলের মৌন মিছিল। প্রয়োজনে কর্মসূচি পরিবর্তন হতে পারে বলে জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//