Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 25 Nov 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পোশাক শিল্প শুধু বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছে না, দেশের জন্যও গৌরব এনে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। 

তিনি বলেন, ‘‘পোশাক শিল্প বিশ্বব্যাপী ‘মেইড ইন বাংলাদেশ’ ট্রেড মার্ক বহন করছে এবং আমরা সকলে এতে গর্বিত। এই শিল্পটি আপনার আমার সকলের - এ দেশের সকল মানুষের। তাই, এ শিল্পের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন এবং এ দেশের জনগনের উন্নতি’’ 

‘‘বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপ ব্যাপকভাবে নির্ভর করবে শিল্প খাতের উপর, যেখানে পোশাক শিল্প গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। দেশের বৃহত্তর স্বার্থে এ শিল্পটি রক্ষা করা এ দেশের সকল মানুষের দায়িত্ব’’ তিনি বলেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর ২০২১) ঢাকার একটি হোটেলে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও এসটেক্স ফাউন্ডেশন আয়োজিত‘ ‘সাসটেইনিবিলিটি অব দি অ্যাপারেল ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ: পলিসিস, স্কোপস এন্ড কনস্ট্রেইন্টস’’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ কথাগুলো বলেন ফারুক হাসান।

এ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্পের টেকসইতা অর্জনে পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক ইস্যুগুলোতে নীতি সহায়তার ঘাটতি, প্রয়োজনীয়তা ও প্রতিবন্ধকতার উপর আলোকপাত করা এবং নতুন সুযোগগুলো খুঁজে বের করার জন্য নীতি নির্ধারক এবং খাত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য একটি প্লাটফর্ম তৈরি করা। 

বিজিএমইএ সভাপতি তার বক্তব্যে সাপ্লাই চেইনকে টেকসই করার জন্য মুল্যের ক্ষেত্রে আরও বেশি যৌক্তিক হওয়ার জন্য ব্রান্ড ও রিটেইলারদেরকে আহবান জানান। 

‘‘টেকসই উন্নয়ন এবং মূল্যের মেকানিজম এর মধ্যে বিশাল সংযোগহীনতা লক্ষ্যনীয়। আমাদের কারখানাগুলো শিল্পকে নিরাপদ ও টেকসই করতে ক্রমবর্ধমানভাবে বিনিয়োগ করছেন। অন্যদিকে, বৈশ্বিক সাপ্লাই চেইনে ইয়ার্ন, কেমিক্যালস ও অন্যান্য কাঁচামালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পোশাক উৎপাদনকারীদের উৎপাদন ব্যয় বেড়ে গেছে। অথচ এর সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য দেয়া হচ্ছেনা। উৎপাদন ব্যয় ও মূল্যের মধ্যকার এই ঘাটতি দূর করা প্রয়োজন’’ তিনি বলেন।

অনুষ্ঠানে মোহাম্মদ হাসান আরিফ, জেনারেল ম্যানেজার, বাংলাদেশ ইকোনমিক জোনস অথোরিটি (বেজা), সেলিম রেজা হাসান, কান্ট্রি ম্যানেজার, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া, সৈয়দ নাভেদ হুসেইন, গ্রুপ ডিরেক্টর, বেক্সিমকো লিমিটেড এবং ড. মহিদুস সামাদ খান, এসটেক্স ফাউন্ডেশন উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//