Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 28 Nov 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (আইআইটিএফ-২০২১) ফরেন প্যাভিলিয়ন ক্যাটাগরিতে ‘সিলভার অ্যাওয়ার্ড’ জিতেছে বাংলাদেশি প্যাভিলিয়ন। শনিবার (২৭ নভেম্বর) মেলার সমাপনী অনুষ্ঠানে ভারতের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভির কাছ থেকে নয়া দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনের কনস্যুলার (বাণিজ্য) ড. এ কে এম আতিকুল হক এই পুরস্কার গ্রহণ করেন।

মেলার ৪০তম আসরে এই বিভাগে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ জিতেছে বাহরাইনের প্যাভিলিয়নগুলো। প্রদর্শক এবং দর্শনার্থীদের অংশগ্রহণ বিবেচনায় ভারতীয় বাণিজ্য মেলা বিশ্বের বৃহত্তম সমন্বিত বাণিজ্য মেলার মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। এছাড়া একটি আইকনিক আন্তর্জাতিক আয়োজন হিসেবে এই মেলার অনন্য চরিত্র বিকশিত হয়েছে।

মেলায় মোট ছয়টি সুসজ্জিত বাংলাদেশি স্টল তাদের পণ্য প্রদর্শন করেছে। যার মধ্যে রয়েছে হস্তশিল্প, পাটজাত পণ্যের শাড়ি, খাদ্যপণ্য, যা ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে।

জানা যায়, বাংলাদেশ থেকে পণ্য কেনার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করায় অনেক বিদেশি ক্রেতা বাংলাদেশি পাটজাত পণ্য সম্পর্কেও খোঁজখবর নেন। দুই সপ্তাহব্যাপী এই মেলায় বাংলাদেশি প্যাভিলিয়নগুলো বিপুল দর্শনার্থী আকর্ষণ করেছে। দর্শনার্থীরা জামদানি শাড়ি, ঢাকাই মসলিন, পাটজাত পণ্য এবং প্রাণ পণ্য সামগ্রীর মতো বাংলাদেশি পণ্যে ব্যাপক আগ্রহ দেখিয়েছে।

বাংলাদেশি ঐতিহ্যবাহী শাড়ি জামদানি, মসলিন এবং টাঙ্গাইলের সুতি কাপড় প্রদর্শনকারী প্রতিষ্ঠান ‘আধুনিকা জামদানি অ্যান্ড থ্রি পিস’ এর বিক্রয়কর্মী মো. মিজানুর রহমান বলেন, আমরা মেলার শুরু থেকে বেশ সাড়া পেয়েছি, আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী পণ্য বিক্রি করেছি।

ভারতের রাজধানীর প্রগতি ময়দানের প্রদর্শনী হলে গত ১৪ নভেম্বর এ মেলা শুরু হয়। এ বছর ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন (আইটিপিও) ৭০ হাজার বর্গমিটারেরও বেশি জায়গায় নতুন হলে এই মেলার আয়োজন করে, যা আন্তর্জাতিক প্রদর্শনী ও কনভেনশন সেন্টারের অংশ।

আইআইটিএফ-২০২১ এ স্থানীয় অংশগ্রহণকারীদের সঙ্গে বাংলাদেশসহ বিশ্বের নয়টি দেশ অংশ নেয়। তারা অন্যান্য পণ্য ছাড়াও বিভিন্ন রাজ্য থেকে ভারতীয় ঐতিহ্যপণ্য প্রদর্শন করে।

বিনিয়োগবার্তা/ডিএফই//