Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 28 Nov 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ৩০ নভেম্বর আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেয়ার সময়সীমা শেষ হতে যাচ্ছে। অনেকে মহামারীর মধ্যে আয়কর বিবরণী জমা দিতে সময় বাড়ার আশা করলেও এবার তা আর হচ্ছে না। নির্ধারিত সময়ের পর কেউ আয়কর বিবরণী জমা দিতে চাইলে গুনতে হবে জরিমানা।

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হবে না জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) মো. আলমগীর হোসেন বলেন, সময়মতো আয়কর রিটার্ন দাখিলে কারো কোনো সমস্যা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের কাছে সময়ের আবেদন করতে হবে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা জরিমানায় এক মাস সময় পাওয়া যাবে। আইন অনুযায়ী জরিমানাসহ আয়কর বিবরণী দাখিলে চার মাস পর্যন্ত সময় দেয়া রয়েছে বলেও জানান তিনি। জরিমানা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে করদাতাদের আয়কর বিবরণী দাখিলের অনুরোধও জানান এনবিআরের এ সদস্য।

বর্তমানে দেশে ৬০ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন। প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের আয়কর বিবরণী জমা দেয়ার নিয়ম রয়েছে। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছরের ৩০ নভেম্বর পূর্ববর্তী অর্থবছরের আয়কর বিবরণী দাখিলের শেষ দিন। তবে করোনাভাইরাস মহামারীর কারণে গত বছর আয়কর বিবরণী দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল।

প্রসঙ্গত, করোনার কারণে এবার কর মেলা হচ্ছে না। তবে করদাতাদের সুবিধার জন্য গত ১ নভেম্বর থেকে প্রতিটি কর অঞ্চলে কর মেলার পরিবেশে রিটার্ন গ্রহণ, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রদান এবং কর তথ্যসেবা দেয়া হচ্ছে। রিটার্ন দাখিলের পর করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্রও পাচ্ছেন। দেশের মোট ৩১টি কর অঞ্চলের সবকটিতে করদাতাদের উপস্থিতি রয়েছে। তারা নির্বিঘ্নে রিটার্ন দাখিল করছেন। এ উপলক্ষে নভেম্বর মাসকে সেবা মাস হিসেবে পালন করেছে এনবিআর।

বিনিয়োগবার্তা/ডিএফই//