
নিজস্ব প্রতিবেদক: দেশে অ্যাকাউন্টিং পেশা ও আইসিএমএ এর সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার (ডিসেম্বর ০১, ২০২১) দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট আবু বকর ছিদ্দিক এফসিএমএ এর নেতৃত্বে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রীর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাদেরকে এ আশ্বাস প্রদান করেন তিনি।
সাক্ষাৎকালে আইসিএমএবি’র প্রেসিডেন্ট কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং পেশার উন্নয়নে ইনস্টিটিউটের চলমান কর্মকান্ড এবং দেশের অর্থনৈতিক কর্মকান্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে সিএমএ পেশার ভূমিকা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
এসময় দেশের অর্থনৈতিক উন্নয়নে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী। এছাড়া দেশে অ্যাকাউন্টিং পেশা ও আইসিএমএ এর সার্বিক উন্নয়নে যথাযথ সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
প্রতিনিধি দলে আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশিদ এফসিএমএ, কোষাধ্যক্ষ একেএম কামরুজ্জামান এফসিএমএ এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ্ উপস্থিত ছিলেন।
এছাড়া সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ,এইচ,এম সফিকুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/শামীম//