
নিজস্ব প্রতিবেদক: উন্নয়নশীল দেশের অর্থনীতি অগ্রযাত্রায় এসএমই খাতের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন দেশের ব্যবসায়িদের বৃহৎ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মো; জসিম উদ্দিন।
রোববার (০৫ ডিসেম্বর ২০২১) এসএমই ফাউন্ডেশন আয়োজিত ‘জাতীয় এসএমই পণ্য মেলা- ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সপ্তাহব্যাপি এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
এফবিসিসিআই সভাপতি বলেন, উন্নয়নশীল দেশের অগ্রযাত্রায় অর্থনীতিকে এগিয়ে নিতে এবং কর্মসংস্থান সৃষ্টি ও সমতাভিত্তিক সমাজ গঠনে এসএমই খাতের গুরুত্ব অনুধাবন করে এসএমই পণ্য মেলা আয়োজন একটি সময় উপযোগী উদ্যোগ।
তিনি বলেন, পৃথিবীর সবদেশের অর্থনীতির মেরুদন্ড হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। শিল্প খাতে স্বল্প বিনিয়োগ, কম খরচে কর্মসংস্থান সৃষ্টি, মানব সম্পদের দ্রুত উন্নয়নের সুযোগ এবং কৃষি ও শিল্পের মধ্যে সেতুবন্ধন- এইসব বিশেষত্বের কারণে বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটেও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব অপরিসীম। রপ্তানি শিল্পের ব্যাকওয়ার্র্ড লিংকেজ হিসাবেও এসএমই খাত রপ্তানী আয়ের অন্যতম উৎস। এই খাতকে টিকিয়ে রাখার জন্য বিশেষ নীতি সহায়তা প্রদান জরুরী।
বিনিয়োগবার্তা/এসএএম//