Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 06 Dec 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) বিশ্ব বাজারে প্লাস্টিক পণ্য সরবরাহ করে ৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় করেছে বাংলাদেশ, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।

২০২০-২১ অর্থবছরে প্লাস্টিক পণ্য রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৪ কোটি ৩৯ লাখ ডলার। চলতি অর্থবছর এ খাতে ১৩ কোটি ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদ এ বিষয়ে জানিয়েছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড, স্পেন, কানাডাসহ বিশ্বের ২৩টি দেশে সরাসরি রপ্তানি হচ্ছে বাংলাদেশের প্লাস্টিক পণ্য। গৃহসজ্জা থেকে অটো মোবাইল, চিকিৎসার সরঞ্জাম কিংবা রপ্তানি শিল্পের আনুষঙ্গিক সব পণ্য প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে। নজর কাড়ছে প্রযুক্তির সমন্বয়ে তৈরি প্লাস্টিকের বাহারি খেলনাও।

তিনি বলেন, চীনের ওপর নির্ভরতা কমিয়ে অনেক দেশ এখন বাংলাদেশের প্লাস্টিক পণ্যের প্রতি ঝুঁকছে, যে কারণে বিশ্ব বাজারে প্রতিনিয়ত বাংলাদেশের পণ্যের রপ্তানি বাড়ছে।

 

বিপিজিএমইএ সভাপতি বলেন,  মহামারি করোনা শুরুর দিকে অন্যান্য শিল্প কারখানার মতো প্লাস্টিক খাতও নাজুক হয়ে পড়ে। কিন্তু সরকারের সময়োপযোগী পদক্ষেপ এবং প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের কারণে অন্যান্য শিল্পের পাশাপাশি প্লাস্টিক খাতও ঘুরে দাঁড়ায়।

 

বৈশ্বিক পর্যায়ে ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক হতে থাকায় বাংলাদেশের রপ্তানিতে এর সুফল পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম না বাড়লে আরও বেশি রপ্তানি আয় হতো উল্লেখ করে শামীম আহমেদ জানান, প্রত্যক্ষ প্লাস্টিক পণ্য রপ্তানির পাশাপাশি বছরে গার্মেন্টস এক্সেসরিজ হিসেবে ৭০ কোটি ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি হচ্ছে। বর্তমানে প্লাস্টিক মোড়ক এবং গার্মেন্টস এক্সেসরিজ ছাড়া কোনো পণ্যই বিদেশে রপ্তানি করা সম্ভব নয়।

বিনিয়োগবার্তা/এসএএম//