Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 09 Dec 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরো বেশি উজ্জীবিত, উদ্বুদ্ধ এবং কার্যকর করতে স্থানীয় সরকার দিবস পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ‘স্থানীয় সরকারে নীতি প্রণয়ন ও সংস্কার: সম্পদ আহরণ, কার্যকর সমন্বয় এবং উন্নয়ন কর্মকাণ্ড শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার দিবসপালন করার মাধ্যমে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলের মধ্যে একদিকে যেমন উৎসাহ তৈরি হবে অন্যদিকে কর্মস্পৃহা এবং দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি নিয়ে মন্ত্রিপরিষদের অনুমোদনের মাধ্যমে স্থানীয় সরকার দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি এগুলোকে আরো কার্যকর এবং ক্ষমতায়িত করার কাজ চলছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে জেলা পরিষদ আইনের খসড়া মন্ত্রিপরিষদে চূড়ান্ত হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে জেলা পরিষদ ছাড়াও পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ আইনেও সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় নিম্নমানের কাজের সাথে জড়িত থাকার অভিযোগে অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী জানান সকল কর্মকাণ্ড মনিটরিং করার জন্য মন্ত্রণালয় এবং এলজিইডি থেকে টিম গঠন করা হয়েছে। কোথাও কোনো অনিয়মের অভিযোগ আসলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাটালী শুয়ার্ড এবং ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি ভ্যান ন্যাগুয়েন। কর্মশালায় ইএএলজি প্রকল্প কর্তৃক সম্পাদিত গবেষণার ফলাফল এবং সুপারিশমালা উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নাসিরউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডে এবং ইউএনডিপির ফ্রিল্যান্স কনসালটেন্ট নাহিদ শারমিন।

 

বিনিয়োগবার্তা/এসএএম//