Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Dec 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাম্পে নভেল করোনাভাইরাস হানা দেয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গুঞ্জন উঠেছে বাতিলও হয়ে যেতে পারে এই সিরিজ। এ নিয়ে গতকাল জরুরি বৈঠকে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভা শেষে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ২১ ডিসেম্বর (মঙ্গলবার) সিরিজের ভাগ্য নির্ধারণ হবে।

১০ ডিসেম্বর নিউজিল্যান্ডে পৌঁছায় বাংলাদেশ দল। অকল্যান্ড থেকে ক্রাইস্টচার্চ যায় মুমিনুল হকের দল। সেখানে সোজা হোটেলে গিয়ে এক সপ্তাহের কোয়ারেন্টিনে ঢুকে পড়েন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। কোয়ারেন্টিনের নিয়ম মেনে এত দিনে অনুশীলনে নেমে পড়ার কথা মুমিনুল হকদের। কিন্তু এর আগেই টাইগার শিবিরে আসে দুঃসংবাদ। প্রথম দুই ধাপে সবার করোনা নেগেটিভ এলেও তৃতীয় পরীক্ষায় স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ পজিটিভ হন। তিনি বর্তমানে আইসোলেশনে আছেন।

বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ড গিয়েছে সেই ফ্লাইটে একজন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। এতে নিউজিল্যান্ড স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ আসে, ওই ফ্লাইটে থাকা ৯ ক্রিকেটার ও দলের অন্যদের কোয়ারেন্টিনে থাকতে হবে আরো তিনদিন। সে কারণে নিউজিল্যান্ডের স্বাস্থ্য অধিদপ্তর অনুশীলন সাময়িকভাবে স্থগিত করে। শুক্রবার অনুশীলনের মাঠে পৌঁছলেও তাদের কোয়ারেন্টিনে ফেরত পাঠানো হয়।

এ অবস্থায় ক্রিকেটাররা নাকি দেশে ফিরে আসতে চেয়েছেন। বিসিবি তাই জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে বিসিবি প্রধান নাজমুল হাসান সংবাদমাধ্যমকে বলেছেন, বাংলাদেশ নিউজিল্যান্ডে দুই টেস্ট খেলবে কিনা সেটা চূড়ান্ত হবে ২১ ডিসেম্বর। সেদিন বাংলাদেশ দলের কভিড টেস্ট হবে। কভিড টেস্টে সবাই নেগেটিভ হলে বাংলাদেশ সিরিজ চালিয়ে যাবে। যদি বাংলাদেশের কারো পজিটিভ আসে তাহলে নিউজিল্যান্ড কোয়ারেন্টিন বাড়াবে। তখন সিরিজ খেলবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেব।

নাজমুল হাসান বলেন, ক্রিকেটাররা এখন মানসিকভাবে খুবই ক্লান্ত। অনেক খেলোয়াড় চিন্তা করছিল চলে আসা যায় কিনা, সিরিজ বাদ দেয়া যায় কিনা। এটা হওয়ার কোনো সুযোগ যদিও নেই। ২১ তারিখের পর কোয়ারেন্টিন আবার বাড়ানো হলে তখন নিউজিল্যান্ড বোর্ডের সঙ্গে আলোচনায় যেতে পারব।

সিরিজ শুরু হতে বেশি দিন বাকি নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হওয়ার কথা মাউন্ট মঙ্গানুইয়ে ১ জানুয়ারি। অনুশীলন তো দূরের কথা, পুরো দলই এখনো একত্র হতে পারেনি। এ অবস্থায় মানসিকভাবেও বিপর্যস্ত মুমিনুলরা। এতে প্রস্তুতির বিরাট ঘাটতি থেকে যাচ্ছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//