
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতেই হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। তাই বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকেই জানতেই হবে। নতুন প্রজন্মকেও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সঠিকভাবে জানাতে হবে, তাদেরকে বঙ্গবন্ধুর আদর্শে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
রবিবার (১৯ ডিসেম্বর, ২০২১) সকালে ডিএনসিসির ৩ নম্বর ওয়ার্ডের মিরপুর-১০ এলাকায় জল্লাদখানা বধ্যভুমি সংলগ্ন স্থানে "শিশুবান্ধব গণপরিসর" এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মোঃ আতিকুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষেই মিরপুরের জল্লাদখানা সংলগ্ন স্থানটিকে নারী-শিশু, বয়স্ক, প্রতিবন্ধীসহ সকলের জন্য নিরাপদ, প্রবেশযোগ্য, সুস্থ্য ও মনোরম গণপরিসরে রূপান্তরিত করা হয়েছে।
তিনি বলেন, গণপরিসরটিতে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরণের উপকরণ, ব্যায়াম ও হাঁটার সুব্যবস্থা, একটি উন্মুক্ত মঞ্চ, বসার স্থান, পাবলিক টয়লেটসহ বিভিন্ন সুবিধা রয়েছে।
ডিএনসিসি মেয়র বলেন, নগরবাসীর জন্য আরও তিনটি স্থান যথাক্রমে ৪ নম্বর ওয়ার্ডে কমিউনিটি সেন্টার সংলগ্ন সড়ক, ৫ নম্বর ওয়ার্ডে মিরপুর-১১ এলাকায় ২১ নম্বর সড়কের একটি অংশ এবং ৩২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদপুর এলাকায় আওরঙ্গজেব রোডের ফুটপাতকে গণপরিসরে রূপান্তরিত করা হবে
মোঃ আতিকুল ইসলাম বলেন, রাজউক অনুমোদিত নকশা মোতাবেক পার্ক ও খেলার মাঠ যথাযথভাবে সংরক্ষণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, ডিএনসিসির উদ্যোগে জনগণের সহায়তায় খাল উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে, কিছু দিনের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগীতায় খালগুলোর সীমানা নির্ধারণ করা হবে।
ডিএনসিসি মেয়র আরও বলেন, অপরিকল্পিত ঢাকাকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে হবে।
মোঃ আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তৃতাশেষে "শিশুবান্ধব গণপরিসর" এর উদ্বোধন করেন এবং আমন্ত্রিত অতিথিদেরকে সাথে নিয়ে মনোরম পরিবেশে এর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
স্থানীয় কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস. এম. শরিফ-উল ইসলাম, প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//