Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Dec 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশে অবকাঠামো খাতে অর্থায়ন ঘাটতি কমাতে ‘পুঁজিবাজার’ বিকল্প উৎস হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি রিজওয়ান রাহমান।

রোববার (১৯ ডিসেম্বর, ২০২১) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে এমন মত ব্যক্ত করেন তিনি। ডিসিসিআই সহ-সভাপতি মনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা গতিশীল রাখতে কার্যকর পুঁজিবাজারের কোন বিকল্প নেই।

তিনি বলেন, ‘গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার হাব-এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অবকাঠামো খাতের (পানি, জ্বালানি, টেলিযোগাযোগ, বন্দর, রেল প্রভৃতি) উন্নয়নের জন্য ২০১৬-২০৪০ সাল পর্যন্ত প্রায় ৬০৮ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রয়োজন। তবে উল্লেখিত সময়ে বাংলাদেশ অবকাঠামো খাতে প্রায় ৪১৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে সক্ষম। এ থেকে বোঝা যায়, দেশের অবকাঠামো খাতে ইপ্সিত উন্নয়ন নিশ্চিতকরণে প্রায় ১৯২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি রয়েছে। অবকাঠামো খাতে এ অর্থায়ন ঘাটতি কমাতে দেশের পুঁজিবাজার অন্যতম উৎস হিসেবে কাজ করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ডিএসই প্রবর্তিত ‘এসএমই বোর্ডকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এ কার্যক্রমকে উৎসাহিত করতে ডিএসইর এসএমই প্ল্যাটফর্মে নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ এবং এসএমই বোর্ডে নিবন্ধিত উদ্যোক্তাদের প্রণোদনা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে কর্পোরেট কর সুবিধা প্রদান করা যেতে পারে বলেও মনে করেন তিনি।

এছাড়া পুঁজিবাজারে সেকেন্ডারি বন্ড মার্কেটকে আরো কার্যকর করতে এর অবকাঠামো উন্নয়ন, বন্ড চালুকরণ প্রক্রিয়া সহজীকরণ, বন্ড চালুকারী ও বিনিয়োগকারীদের জন্য বিশেষ কর ছাড় এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জনে দেশীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ক্রেডিট রেটিং এজেন্সী দ্বারা রেটিং ব্যবস্থার প্রবর্তন জরুরী বলে মত প্রকাশ করেন ডিসিসিআই সভাপতি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)’র চেয়ারম্যান-এর অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষনের পাশাপাশি বর্হিবিশ্বে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের ইতিবাচক ব্রান্ডিং তুলে ধরার লক্ষ্যে ইতোমধ্যে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি দেশে রোড শো আয়োজন করা হয়েছে।

তিনি জানান, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন আগামী মাসে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে রোড শো আয়োজন করতে যাচ্ছে, সেখানে ঢাকা চেম্বারের অংশগ্রহণের আহ্বান জানান। এছাড়াও বর্হিবিশ্বে বাংলাদেশের ইমেজ বৃদ্ধিতে বেসরকারি খাতকে আরো এগিয়ে আসার প্রস্তাব জানান বিএসইসির চেয়ারম্যান।

বিনিয়োগবার্তা/এসএএম//