
নিজস্ব প্রতিবেদক: বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, কোভিড-১৯ মহামারী সারাবিশ্বের মানুষের জন্য শুধু নির্মম দুর্ভোগই নিয়ে আসেনি বরং নজিরবিহীন সংকট মোকাবেলায় উদারতা ও সহযোগিতার নিদর্শনও দেখিয়েছে।
তিনি বলেন, ঐক্য এবং সহযোগিতা থাকলে পাহাড়সম সংকট মোকাবিলা করা সম্ভব। করোনাকালীন সময়ে বিশ্ব যেভাবে মহামারী সংকট কাটিয়ে উঠেছে তাতে সেটি স্পষ্ট হয়েছে।
রবিবার (২৬ ডিসেম্বর ২০২১) পঞ্চগড়ের শীতে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি এ কথা করেন।
এসময় তিনি বদেশ্বরী মন্দির ও পরিদর্শন করেন এবং মন্দির টিকে অনুদান হিসেবে ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
তিনি বলেন, “আমরা দেখেছি যে সংক্রমণের দ্রুত বৃদ্ধির ফলে বিপুল সংখ্যক লোককে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এবং হাসপাতালগুলোকে সীমিত চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধপত্র দিয়ে কিভাবে সেই বিশাল চাপ মোকবিলা করতে হয়েছে। এছাড়া মহামারীর কারণে অনেক দরিদ্র মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলায় জনগণ নিজ নিজ অবস্থানে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হয়ে বিজিএমইএ কোভিড মহামারী সংকটের শুরু থেকেই অভাবী মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে। তিনি বলেন, বিজিএমইএ করোনাযুদ্ধে সম্মুখ সারির যোদ্ধাদের জন্য মাস্ক ও চিকিৎসা সরঞ্জামসহ পিপিই দান করেছে।
বিজিএমইএ কোভিডের প্রভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর তহবিলেও ৬ কোটি টাকা অনুদান দিয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//