
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৮তম বৈঠক রোববার কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, আব্দুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বিগত সভার গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন এর সার্বিক কার্যক্রম এবং যুব উন্নয়ন অধিদপ্তরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে চলতি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে গুরুতর অনিয়ম প্রসঙ্গে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদ নিয়ে বিশদ আলোচনা করা হয়।
বৈঠকে ঢাকাস্থ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে পাঁচশত গাড়ি পার্কিং এর সুবিধা রাখার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করে।
এছাড়া, যুব উন্নয়ন অধিদপ্তরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে চলতি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে গুরুতর অনিয়ম প্রসঙ্গে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য কমিটির সদস্য এ. এম. নাঈমুর রহমানকে আহবায়ক এবং জুয়েল আরেং ও জাকিয়া তাবাসসুমকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//