Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 05 Jan 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বায়িং হাউজ, ক্রেতা এবং প্রস্তুতকারকদের মধ্যে উইন-উইন পরিস্থিতি তৈরিতে সহযোগিতামুলক পন্থার উপর জোর দিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

বুধবার (০৪ জানুয়ারি ২০২২) বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ এসোসিয়েশন (বিজিবিএ) এর একটি প্রতিনিধি দল গুলশানস্থ বিজিএমইএ অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিজিবিএ প্রতিনিধি দলে ছিলেন সভাপতি কে. আই. হোসেন, মহাসচিব মোঃ আমিনুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আনোয়ার শহীদ এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ (ফেরদৌস)।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর ১ম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম,সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক হারুন অর রশিদ এবং সাবেক পরিচালক আশিকুর রহমান (তুহিন)।

সভায় ক্রেতা, বায়িং হাউজ এবং রপ্তানিকারকদের মধ্যে যে সমস্যা বা বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তির জন্য একটি কমিটি গঠন করা হয়।

বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদ উল্লাহ আজিমের নেতৃত্বে সাত সদস্যের কমিটি বানিজ্য বিরোধ নিরসনে সংশ্লিষ্ট পার্টিগুলোর মধ্যে মধ্যস্থতা করবে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের পোশাক শিল্প গত ৪ দশকেবিশ্ব বাজারে একটি পছন্দ সই এবং বিশ্বস্ত সোর্সিং হাব হিসেবে একটি গৌরবময় অবস্থান অর্জন করেছে।

তিনি আরও বলেন, এই খাতের সাফল্যে বায়িং হাউজের উল্লেখযোগ্য অবদান রয়েছে।

ব্যবসা পরিচালনাকালে সকল পক্ষ এবং সামগ্রীকভাবে শিল্পের জন্য একটি উইন উইন (সকলের স্বার্থ রক্ষাকারী) পরিস্থিতি তৈরি করার জন্য ফারুক হাসান ক্রেতা, বায়িং হাউজ এবং পোশাক প্রস্তুতকারকদের সহযোগিতার মনোভাব পোষনের উপর জোর দেন।

তিনি আরও বলেন, তৈরি পোশাক শিল্পের অপার সম্ভাবনা উপলব্ধি করতে এবং আগামী দিনে শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।

বিনিয়োগবার্তা/এসএএম//