
নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের (উপায়) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে যোগদান করেছেন রেজাউল হোসেন। নতুন এ পদে যোগদান করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পুঁজিবাজারের শীর্ষস্থানীয় ব্রোকারেজ সেবা দানকারী প্রতিষ্ঠান ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড।
রোববার তাকে এ শুভেচ্ছা জানান ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত পাশা।
উপায়-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক সেলস, মার্কেটিং ও ডিস্ট্রিবিউশনে ২৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। এরআগে গ্রামীনফোন, সিটিসেল, এয়ারটেল ও বিকাশসহ বিভিন্ন দেশীয় ও বহুজাতিক কোম্পানির নেতৃস্থানীয় পর্যায়ে কাজ করেছেন তিনি।
‘উপায়’ এ যোগদানের পূর্বে রেজাউল হোসেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন- যার মধ্যে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস স্টার্টআপ ‘নগদ’ অন্যতম। ২০১৮সালে তিনি কয়েকজন বাংলাদেশী উদ্যোক্তার সাথে মিলে ‘নগদ’ প্রতিষ্ঠা করেন।
এর পূর্বে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে বিকাশে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন। একদম প্রাথমিক অবস্থা থেকে শুরু করে মাত্র পাঁচ বছরেই বিকাশের গ্রাহক সংখ্যা ২ কোটি ২০ লাখে উন্নীত করতে সক্ষম হন তিনি।
শিক্ষাজীবনে রেজাউল হোসেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত আইডিয়াল কলেজ থেকে অনার্স, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।
বিনিয়োগবার্তা/মুনির/শামীম//