
নিজস্ব প্রতিবেদক: পর্যটন খাত থেকে রাজস্ব বাড়ানোর লক্ষ্যে বিদ্যমান আইন আরো কার্যকর ও সময়োপযোগী করতে জাতীয় সংসদে ‘বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (সংশোধন) বিল-২০২২’ উত্থাপন করা হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী বিলটি উত্থাপন করলে তা সংশ্লিষ্ট যাচাই-বাছাই কমিটিতে পাঠানো হয়। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিল অনুযায়ী, কর্পোরেশনের অনুমোদিত মূলধন ১৫ কোটি টাকার পরিবর্তে এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন পাঁচ লাখ টাকার পরিবর্তে ৪০০ কোটি টাকা হবে।
বিদ্যমান আইনে করপোরেশন বোর্ডে সর্বোচ্চ চার জন সদস্য থাকবে বলে বিধান রয়েছে। নতুন খসড়া আইনে এই সংখ্যা বাড়িয়ে ১১ জন করা হয়েছে।
কর্পোরেশনের প্রধান কার্যালয় ঢাকায় থাকবে। তবে এটি বাংলাদেশের বাইরে বা অন্য কোনো স্থানে কার্যালয়, শাখা বা সংস্থা স্থাপন করতে পারবে।
কর্পোরেশনের কাজ হবে পর্যটনের প্রচার ও বিকাশ, সুবিধা প্রদান, ব্যবস্থা গ্রহণ এবং পর্যটনের সঙ্গে যুক্ত বা আনুষঙ্গিক সব ধরনের কাজ পরিচালনা করা।
বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//