Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 18 Jan 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বৈদ্যুতিক গাড়ির জগতে এবার মাঠ কাঁপাতে আসছে স্পোর্টস কার। টোকিওতে এবারের অটো সেলন কার এক্সিবিশনে সম্পূর্ণ নতুন ধরনের স্পোর্টস কার নিয়ে এসেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুবারু। এছাড়াও মেলায় নজর কাঁড়ছে হাইড্রোজেন ফুয়েল চালিত অফ রোড ভেহিকল ও অন্যান্য বৈদ্যুতিক গাড়ি।

বিশ্বে এখন বৈদ্যুতিক গাড়ির (ইভি) জয়জয়কার। বৈদ্যুতিক গাড়ির জগতের রাজা টেসলা তো আছেই। টেসলার পথ ধরে নিত্যনতুন সেগমেন্ট ও মডেলের গাড়ি নিয়ে বাজারে আসছে অন্যান্য প্রতিষ্ঠানও।

সেডান বা পিকআপের মতো প্রচলিত সেগমেন্টের পাশাপাশি রেস ট্রাকের সার্কিট কাঁপাতে ইলেক্ট্রিক স্পোর্টস কার নিয়ে আসছে বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান।

জাপানে শুরু হয়েছে এসব গাড়ি প্রদর্শনী ’টোকিও অটো সেলন কার এক্সিবিশন’। এবারের মেলায় নজর কাড়ছে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক গাড়ি (ইভি)। তবে প্রধান আকর্ষণ ইলেক্ট্রিক স্পোর্টস কার।

প্রদর্শনীতে নতুন ধারার স্পোর্টস কার নিয়ে এসেছে জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুবারু। এসটিআই ই-আরএ স্পোর্টস কারটিকে এনেছে সুবারুর মোটো স্পোর্টস ডিভিশন সুবারু টেকনিকা ইন্টারন্যাশনাল।

স্পোর্টস কার ছাড়াও এবারের টোকিও কার এক্সিবিশনে আলোচিত হচ্ছে হাইড্রোজেন ফুয়েল চালিত আরওভি। সম্পূর্ণ নতুন ধারার রিক্রেশনাল অফ রোড ভেহিকল (আরওভি) এনেছে টয়োটার লাক্সারি কার উইং লেক্সাস। হাইড্রোজেন ফুয়েলে চালিত এই গাড়িটির কার্বন নিঃসরণ সম্পূর্ণ শূন্যের কোঠায় বলে জানিয়েছে লেক্সাস।

প্রসঙ্গত, ১৯৮৩ সাল থেকে আয়োজিত হয়ে আসছে টোকিও অটো সেলন এক্সিবিশন। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই গাড়ি প্রদর্শনী গত বছর করোনা মহামারির জন্য স্থগিত ছিল। ২০২০ সালে সবশেষ প্রদর্শনীতে দর্শনার্থী এসেছিলেন ৩ লাখ ৩৬ হাজার।

বিনিয়োগবার্তা/এসএল//