
নিজস্ব প্রতিবেদক: এক সপ্তাহ পর করোনা সংক্রমণ পরিস্থিতি দেখে চলমান বিধিনিষেধের বিষয়ে পরবর্তী নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের উদ্দেশ্য সবাই মাস্ক পরুক। এ সময়টা আমরা অতিক্রম করতে চাই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ এটি বাড়তে থাকবে। সবাইকে সচেতন হতে হবে। আমরা চাই, এ তৃতীয় ঢেউ থেকে যত তাড়াতাড়ি উত্তরণ করতে পারি। সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে তৃতীয় ঢেউ মোকাবেলা করতে হবে।
আগামী ৬ ফেব্রুয়ারির পর এ বিধিনিষেধ বাড়তে পারে কিনা এ বিষয়ে জানতে চাইলে ফরহাদ হোসেন বলেন, অবশ্যই পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এখন যে ভ্যারিয়েন্ট দেখছি ওমিক্রন, এটা সেরে উঠতে অল্প সময় নিচ্ছে। সেরে ওঠার হার কিন্তু খুবই ভালো। ৮৫ শতাংশের বেশিসংখ্যক আক্রান্ত মানুষ ঘরে থেকে চিকিৎসা নিতে পারছে এবং তারা সেরে উঠছে। আমরা অবশ্যই এক সপ্তাহ পর দেখব এটা (সংক্রমণ) কী পর্যায়ে আছে, সে অনুযায়ী আমরা পরবর্তী নির্দেশনা দেব।
তিনি বলেন, সরকারের দেয়া বিধিনিষেধ সবাইকে মানতে হবে। ইউরোপ সংক্রমণের ক্ষেত্রে তাদের পিক সময় পার করেছে। আমাদের একটু পরে শুরু হয়েছে। এজন্য আমাদের একটু পরে সেটা (চূড়ান্ত সংক্রমণ) হতে পারে। সেক্ষেত্রে আমরা চাইব, যাদের যেভাবে নির্দেশনা দেয়া হয়েছে, নির্দেশনাগুলো সবাই মেনে চললে তা সবার জন্যই ভালো। পরিবহন খাতে যারা রয়েছেন তাদেরও আমাদের সহযোগিতা করতে হবে। নিয়ম মেনে তারা গণপরিবহন পরিচালনা করবে। এর মধ্য দিয়ে আমরা একটা ভালো ফল পাব। আশা করছি, অল্প সময়ের মধ্যে তৃতীয় ঢেউ উত্তরণ করব।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা মানুষকে বলব, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাইকে মাস্ক পরে বাইরে আসতে হবে। আমাদের ঘোষণায় বলা হবে, আপনারা মাস্ক পরেন। একটা তারিখ দেয়া হবে, আগামীকাল থেকে ভ্রাম্যমাণ আদালত নামবে। তাই আগে থেকে সতর্ক করেই কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ফরহাদ হোসেন বলেন, মানুষকে এরই মধ্যে জানানো হয়েছে, এটা (করোনা সংক্রমণ) বেড়ে যাচ্ছে। মানুষ সচেতন হওয়া শুরু করেছে। তাদের কাছে বার্তা চলে গেছে। আমরা চাই, সবাইকে জানিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। তখন বলার একটা যৌক্তিকতা থাকবে, আমরা সতর্ক করে দিয়েছিলাম।
বিনিয়োগবার্তা/এসএএম//