Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 27 Jan 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্রগ্রামসহ দেশের বৃহৎ শিল্পাঞ্চলগুলোর সব সড়ক সংস্কারে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামকে (এলজিআরডি) অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

বৈঠকে বিজিএমইএ এর ১ম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম এবং সহ-সভাপতি মো. নাসির উদ্দিনও উপস্থিত ছিলেন।

বিজিএমইএ নেতারা বলেন, গাজীপুর, চট্রগ্রাম, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া এবং মাওনা বাংলাদেশের প্রধান প্রধান শিল্প অধ্যুষিত অঞ্চল। এসব এলাকাগুলোতে রপ্তানিমুখী পোশাক কারখানাসহ শত শত কারখানা গড়ে উঠেছে।
 কিন্তু এসব এলাকাগুলোর অধিকাংশ সড়ক ক্ষতিগ্রস্ত থাকায় সড়কগুলোতে তীব্র যানযট লেগেই থাকে, যার কারণে শ্রমিক-কর্মচারী এবং উদ্যোক্তাসহ নিয়মিত যাত্রীদেরকে প্রতিদিনই প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে।


তারা বলেন, মালবাহী যানবাহনগুলোকে জরাজীর্ণ সড়কগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এ কারণে কাঁচামাল ও রপ্তানিতব্য পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যানজট একদিকে লিড টাইম থেকে মহামূল্যবান সময় নিয়ে নিচ্ছে। আবার, অন্যদিকে যানযটের কারণে কারখানায় কাঁচামাল আনয়ন এবং কারখানা থেকে রপ্তানিতব্য পণ্য পরিবহনে অতিরিক্ত সময় উৎপাদন ব্যয় বাড়াচ্ছে।

এছাড়া খানাখন্দে বেহাল সড়ক পরিস্থিতির কারণে ক্রেতা ও তাদের প্রতিনিধিরা প্রায়ই এসব এলাকায় অবস্থিত কারখানাগুলো পরিদর্শনে যেতে অনীহা প্রকাশ করেন, যা দেশের ভাবমূর্তির জন্য ইতিবাচক নয়।

বিজিএমইএ নেতারা যানবাহন ও যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে স্বল্পতম সময়ের মধ্যে শিল্পাঞ্চলগুলোর সব সড়ক সংস্কারে অনতিবিলম্বে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান।

তারা এলজিআরডি মন্ত্রীকে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পোশাক রপ্তানিকারকরা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন, সেগুলোও অবহিত করেন।

তারা বলেন, যে গাজীপুর সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হোল্ডিং ট্যাক্স পরিশোধের শর্ত যুক্ত করায় শিল্প কারকারখানার মালিকরা ট্রেড লাইসেন্স নবায়ন করতে বিড়ম্বনায় পড়ছেন। বিজিএমইএ সভাপতি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রীকে অনুরোধ জানান।

বিনিয়োগবার্তা/এসএল//