
আন্তর্জাতিক ডেস্ক: রেস্তোরাঁটির দেয়ালে সাজানো মনিটরে মিলছে ক্রিপটো কারেন্সির সব হালনাগাদ তথ্য। ক্রিপটো কারেন্সি আগ্রহীদের মিলনমেলায় পরিণত হয়েছে রেস্তোরাঁটি।
সাকুরা গাছের সুন্দর ছবিতে সাজানো রেস্তোরাঁটি চালু হয়েছিলো ২০১৩ সালে। তবে সাকুরা গাছের সাথে ছবি তুলতে শুধু ছুটির দিনগুলোতে সেখানে ভিড় করতো মানুষ। অন্যদিন পড়ে থাকতো ফাঁকাই।
২০২০ সালে ক্রিপটোকারেন্সিকে রেস্তোরাঁর থিম করার পর বদলে গেছে এই চিত্র। বিনিয়োগকারী আর ক্রিপটো কারেন্সি আগ্রহীদের ভিড়ে সপ্তাহের প্রতিদিনই এখন জমজমাট রেস্তোরাঁটি।
থাইল্যান্ডে ইদানীং জনপ্রিয় হচ্ছে ক্রিপটো কারেন্সি। এই খাতে আগ্রহ বাড়ছে তরুণদের। এই সুযোগটিই নেয় নাখোন রাচাসিমা শহরে অবস্থিত এইচআইপি কফি অ্যান্ড রেস্টুরেন্ট। সাকুরা গাছের বদলে রেস্টুরেন্টের দেয়াল সাজায় বড় মনিটর স্ক্রিুনে। যেখানে থাকে সারা বিশ্বের ক্রিপটো কারেন্সির বেচা কেনার সর্বশেষ তথ্য।
এ ব্যাপারে রেস্তোরাঁর ম্যানেজার অক্ষরায়াত অংসাকুলিনদা জানান, তাদের ওখানে মূলত তিন ধরনের খরিদ্দার আসেন। ক্রিপটো কারেন্সি অভিজ্ঞরা আসেন নিজেদের যোগাযোগ বাড়াতে। এ ব্যবসায় যারা নতুন তারাও আসেন। তাদের উদ্দেশ্য থাকে অন্যান্য বিনিয়োগকারীদের সঙ্গে পরিচিত হওয়া। আরও একদল আসেন যারা ক্রিপটো কারেন্সি সম্পর্কে কিছুই জানেন না। তাদের উদ্দেশ্য থাকে সেলফি তোলা।
ক্রিপটো কারেন্সিতে বিনিয়োগ করে অল্পদিনেই দুই লাখ ১০ হাজার ডলার কামিয়েছেন আপাকন পুতনক। তিনি এই রেস্তোরাঁর নিয়মিত গ্রাহক।
তিনি বলেন, মনিটরে একই সঙ্গে বিশ্বের সব ক্রিপটো কারেন্সির তথ্য পাওয়ার বিষয়টি ব্যবসায় অনেক সাহায্য করে। চার পাঁচদিন আগে যখন বাজার পড়ে গেল তখন আমরা সাথে সাথেই বিষয়টি নিয়ে সজাগ হই। নতুন বিনিয়োগ করবো কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেই।
শুধু চা কফিই নয় ক্রিপটো কারেন্সিতে বিনিয়োগের বিষয়ে ফ্রি কনসালটেন্সি দিচ্ছে রেস্তোরাঁটি। এমনকি নতুন একটি ক্রিপটো কারেন্সি আনার কথাও ভাবছে তারা।
সব মিলিয়ে ক্রিপটো কারেন্সির থাইল্যান্ডে জনপ্রিয় হওয়ার সুযোগটা বেশ ভালোভাবেই নিয়েছে এইচআইপি কফি অ্যান্ড রেস্টুরেন্ট।
বিনিয়োগবার্তা/এসএল//