Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 01 Feb 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

সিলেট প্রতিনিধি: সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ২৫ দিন বন্ধ থাকার পর কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পণ্য আমদানি শুরু করেছেন আমদানিকারকরা। অটো এসএমএস পদ্ধতি চালুর প্রতিবাদে আমদানি বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এর ফলে প্রতিদিন অর্ধ কোটি টাকার ক্ষতি গুনতে হয়েছে সরকারকে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌন ১২টায় তামাবিল সীমান্তপথে ভারত থেকে পাথর বোঝাই ট্রাক বাংলাদেশ সীমান্তে প্রবেশের মধ্য দিয়ে ২৫ দিন আমদানি বন্ধের অবসান ঘটল। এতে খুশি বেকার হয়ে পড়া শ্রমিক-কর্মচারীরা। তারা জানান, ধন্যবাদ জানাচ্ছি সরকারকে এবং সংশ্লিষ্ট সবাইকে যারা এ বর্ডার খুলে দেওয়ার জন্য পরিশ্রম করেছেন।

এর আগে তামাবিল স্থলবন্দরে আমদানি পণ্যের ওপর ৭ জানুয়ারি থেকে অটো এসএমএস পদ্ধতি চালুর সিদ্ধান্তের প্রতিবাদে ৬ জানুয়ারি থেকে আমদানি বন্ধ রাখেন আমদানিকারকরা।

এ বিষয়ে তামাবিল কয়লা পাথর ও চুনাপাথর আমদানিকারক গ্রুপের সহ সভাপতি মো. জালাল উদ্দিন বলেন, এখানে ১ হাজার গাড়ি প্রতিদিন আসে। এটি বসালে এখানে ১০০ গাড়িও প্রতিদিন আসবে না। এটা আমাদের দাবি ছিল। এজন্য আমরা ইনপুট করি নি। আমাদের পত্তা হয় নি। আমরা এক জায়গা থেকে পণ্য কিনি, এক জায়গায় বিক্রি করি। তাতে আমাদের বিরাট সমস্যা হয়।  

এদিকে আমদানি বন্ধ থাকায় প্রতিদিন ৫০ থেকে ৬০ লাখ টাকার রাজস্ব হারায় সরকার। তাই কোনো সিদ্ধান্ত চালুর আগে মতামত নেওয়ার আহ্বান আমদানিকারকদের। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. সারোয়ার হোসেন ছেদু বলেন, আজকে যদি এ ব্যবসায় টা আবার শুরু হয়, শুরু হওয়ার পর যদি আমরা প্রচুর পরিমাণে গাড়ি আমরা বাংলাদেশে ইনপুট করতে পারি। আশা করি, আমরা এ ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। আমাদের শ্রমিকরা যারা কাজ থেকে বিরত ছিলেন, এদের যদি আমরা আবার সুন্দরভাবে কাজ দিতে পারি। আমার মনে হয়, আমাদের ব্যবসায়ীদের ও শ্রমিকদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।

আলোচনা করার বিষয়ে সিলেটের জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেছেন, আলোচনার মাধ্যমে এ জিনিসটা চালু করলে, আমার মনে হয় এ সমস্যাটি ‍সৃষ্টি হত না। আলোচনা না করে এটি চালু করায় এ সমস্যা সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, তামাবিল সীমান্ত পথে ভারত থেকে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ ট্রাকভর্তি পাথর বাংলাদেশে প্রবেশ করে। 

বিনিয়োগবার্তা/এসএল//