
নিজস্ব প্রতিবেদক: দেশে টিভি কেবল নেটওয়ার্ককে ডিজিটাল পদ্ধতির আওতায় আনার পদক্ষেপের অংশ হিসেবে ৩১ মার্চের মধ্যে কেবল অপারেটররা ঢাকা ও চট্টগ্রামে সব গ্রাহকের কাছে ডিজিটাল সেট টপ বক্স পৌঁছনোর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এর পরের ধাপে ৩১ মের মধ্যে সব বিভাগীয় এবং মেট্রোপলিটন শহরগুলোয় এ ব্যবস্থা নেয়া হবে এবং পুরো প্রক্রিয়ায় কেবল অপারেটররা সুলভ মূল্যে গ্রাহকদের এ বক্স সরবরাহ করবে বলে জানান মন্ত্রী।
গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে টিভি কেবল অপারেটর, ডিটিএইচ সেবাদাতা ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে মন্ত্রী সর্বসম্মত এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, অতিরিক্ত সচিব খাদিজা বেগম, এটকোর সিনিয়র সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও শীর্ষ কেবল অপারেটররা আলোচনায় অংশ নেন।
মন্ত্রী বলেন, কেবল নেটওয়ার্ক পরিচালনা আইনের আলোকে একটি নীতিমালা এবং পরামর্শক কমিটি করার ব্যাপারেও আমরা ঐকমত্যে পৌঁছেছি, মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটি করা হবে। আমি আরো একটি উদ্যোগ নিয়েছি, এরই মধ্যে মেশিন টুলস ফ্যাক্টরির সঙ্গে কথা বলেছি, তারা যাতে এখানে সেট টপ বক্স তৈরি করতে পারে। তারা সে উদ্যোগ নিচ্ছে।
বিনিয়োগবার্তা/ডিএফই//