
নিজস্ব প্রতিবেদক: চলতি বছর বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের জন্য আবেদন আহ্বান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ‘জনপ্রশাসন পদক’-এর নাম পরিবর্তন করে চলতি বছর থেকে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ নামে নতুন আঙ্গিকে প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ পদক দেয়া হবে।
এ পদক দিতে গতকাল ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক নীতিমালা, ২০২২’ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান পর্যায়ে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের সংখ্যা হবে ১২টি।
বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের নীতিমালায় বলা হয়, জনপ্রশাসনে কর্মরত কর্মচারীদের সৃজনশীল ও গঠনমূলক কার্যক্রমে উৎসাহিত করার মাধ্যমে কর্মস্পৃহা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন উৎসাহিতকরণ ও সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অধিকতর গতিশীল করার লক্ষ্যে সরকার প্রতি বছর জনপ্রশাসন পদক দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পদক প্রদানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ‘জনপ্রশাসন পদক নীতিমালা ২০১৫ (২০১৬ সালে সংশোধিত)’ বাতিল করে এ নীতিমালা প্রণয়ন করা হলো।
সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা, উন্নয়ন প্রশাসন, সামাজিক উন্নয়ন ও ব্যবস্থাপনা, মানব উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ উন্নয়ন, দুর্যোগ ও সংকট মোকাবেলা, অপরাধ প্রতিরোধ, জনসেবায় উদ্ভাবন, সংস্কার, গবেষণা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক দেয়া হবে।
সরকারি কর্মচারীরা ব্যক্তিগত, দলগত বা প্রাতিষ্ঠানিকভাবে পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। সরকারি কর্মচারী/প্রতিষ্ঠানের জন্য বিধি দ্বারা নির্ধারিত কার্যপরিধির ওপর বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক বিবেচনা করা হবে।
পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক (২১ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের) এবং রাষ্ট্রীয় মনোগ্রাম সংবলিত সম্মাননাপত্র দেয়া হবে। ব্যক্তিগত অবদানের জন্য ২ লাখ টাকা, দলগত অবদানের জন্য ৫ লাখ টাকা দেয়া হবে।
বিনিয়োগবার্তা/ডিএফই//