
নিজস্ব প্রতিবেদক: নভেল করোনাভাইরাসের চলমান বিধিনিষেধের সময়সীমা আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও বাংলাদেশে এ রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের স্মারকে জারি করা সকল বিধিনিষেধ ও নির্দেশনার সঙ্গে নিচের শর্তগুলো সংশোধনপূর্বক সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো। এই বিধিনিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।
নতুন জারিকৃত বিধি-নিষেধে আরো দুটি শর্ত যুক্ত করা হয়েছে। প্রথম শর্ত হলো উন্মুক্ত স্থানে ও ভবন অভ্যন্তরে সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই কোভিড টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।
দ্বিতীয় হলো সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে। এ বিধিনিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে ১৩ জানুয়ারি থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিধিনিষেধ আরোপ করে ১০ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়।
বিনিয়োগবার্তা/ডিএফই//