
হিলি (দিনাজপুর) প্রতিনিধি: বাজারে দেশীয় পেঁয়াজ পর্যাপ্ত সরবরাহ থাকায় চাহিদা কমেছে আমদানীকৃত পেঁয়াজের। এ অবস্থায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় পণ্যটির পাইকারি দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে বন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ৩ টাকা।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। সপ্তাহপূর্বে বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ ২১-২২ টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে তা ১৮-১৯ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ ৩৮-৩৯ টাকা বিক্রি হলেও বর্তমানে তা ৩৫-৩৬ টাকা কেজি বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, পাবনা মেহেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে এবার প্রচুর পেঁয়াজ আবাদ হয়েছে। সেই সঙ্গে দেশীয় পেঁয়াজ অনেকটা কমে ১৮-১৯ টাকা কেজি বিক্রি হচ্ছে, এ কারণে ভারতীয় পেঁয়াজ তেমন একটা কেউ নিতে চাইছে না।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কিছুটা বেড়েছে। বুধবার বন্দর দিয়ে ২৩১ টন পেঁয়াজ আমদানি হয়েছিল, সেখানে বৃহস্পতিবার আমদানি হয়েছে ২৬৮ টন। পেঁয়াজ যেহেতু কাঁচামাল, তাই আমদানিকারকরা অতিদ্রুত যেন বন্দর থেকে তা খালাস করতে পারেন, সে ব্যবস্থা রেখেছে বন্দর কর্তৃপক্ষ।
বিনিয়োগবার্তা/এসএল//