Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 05 Feb 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ শনিবার। সরস্বতী পূজা বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এ পূজা হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।

শ্রীপঞ্চমীর দিন অতি ভোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপ আজ দেবী সরস্বতীর বন্দনায় ঢাকঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ঘরে ঘরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। ঢাকায় বিভিন্ন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার মূল আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। হলের মাঠে পঞ্চাশেরও বেশি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। কভিডের কারণে এবার অবশ্য সব জায়গায় স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন হবে।

সরস্বতী পূজা উপলক্ষে দেয়া বানীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে আমি দেশের হিন্দু ধর্মাবলম্ব্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। জ্ঞানার্জনে সরস্বতী দেবীর কৃপা অর্জনের লক্ষ্যেই ভক্তরা এ পূজা করে থাকেন। জ্ঞানালোকে উদ্ভাসিত হয়ে দেশের প্রতিটি মানুষ সাম্প্রদায়িকতা, অজ্ঞানতা, কূপমণ্ডুকতা থেকে মুক্ত হয়ে একটি কল্যাণকর ও উন্নত সমাজ গঠনে এগিয়ে আসবে—এটাই সবার প্রত্যাশা। আমি জ্ঞানালোকের প্রতীক সরস্বতী পূজা উৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে বলেন, সরস্বতী পূজা উপলক্ষে আমি হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। আমি দেবী সরস্বতীর পূজা-অর্চনা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে জ্ঞানার্জনে ব্রতী হয়ে দেশের অগ্রযাত্রায় আত্মনিয়োগের আহ্বান জানাচ্ছি। সবার প্রতি অনুরোধ, আপনারা নভেল করোনাভাইরাসের এ সংকটময় সময়ে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা উদযাপন করবেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//