
বেনাপোল (যশোর) প্রতিনিধি: বিভিন্ন দাবিতে ভারতীয় ব্যবসায়ীদের টানা পাঁচদিন ধর্মঘট শেষে শনিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য চালু হয়েছে পেট্রাপোল-বেনাপোল বন্দরে। এদিন ভারত থেকে আমদানিবাহী ৩৩৩ ট্রাক পণ্য প্রবেশ করেছে। আর ভারতে রফতানি করা হয়েছে ১১১ ট্রাক পণ্য। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার আবদুর রশিদ।
এর আগে শুক্রবার বিকেলে পেট্রাপোল বন্দর ব্যবহারকারী পাঁচটি বাণিজ্যিক সংগঠনের সঙ্গে বন্দর কর্তৃপক্ষ ও বিএসএফ প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা সভায় সাময়িকভাবে ধর্মঘট তুলে নেন ব্যবসায়ীরা। ধর্মঘটের কারণে দুই বন্দরে আমদানি-রফতানি পণ্যবাহী প্রায় চার হাজার ট্রাক আটকা পড়েছিল। এতে বাণিজ্য অচলাবস্থার মধ্যে বড় ধরনের ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা।
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, টানা পাঁচদিনের ধর্মঘটে আটকে থাকা পণ্যবাহী ট্রাকের ভাড়া বাবদ ব্যবসায়ীদের প্রায় ৫ কোটি টাকা অতিরিক্ত গুনতে হবে। পণ্য সরবরাহ বন্ধ থাকায় শিল্প-কারখানায় উদপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। সরকার স্বাভাবিক রাজস্ব থেকেও বঞ্চিত হয়েছে বলে জানান এ ব্যবসায়ী নেতা।
পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ ও বিএসএফ বন্দরে প্রবেশ নিয়ে নানা নিয়ম চালু করে বন্দর ব্যবহারকারীদের বন্দরে প্রবেশে বাধা সৃষ্টি করলে ভারতের বনগাঁ গুড ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনসহ পাঁচটি বাণিজ্যিক সংগঠনের ডাকা ধর্মঘটে সোমবার সকাল থেকে এ পথে বন্ধ ছিল আমদানি-রফতানি বাণিজ্য।
পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, বৈঠকে সিদ্ধান্তে আগামী এক মাসের মধ্যে বনগাঁ গুড ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে বন্দরে প্রবেশের নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিএসএফ অকারণে হয়রানি করবে না বলে জানিয়েছে বন্দর। এমন সমঝোতা সিদ্ধান্তে কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দিয়েছে সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ইন্দোবাংলা চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান, হঠাৎ হঠাৎ ধর্মঘটে বড় ধরনের ক্ষতির মুখে পড়েন তারা। এক্ষত্রে আগামীতে আমদানি বন্ধ না করে বৈঠকের মাধ্যমে সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন বাংলাদেশী ব্যবসায়ীরা।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, ভারত অংশে দুই পক্ষের সঙ্গে সমঝোতা বৈঠকে ব্যবসায়ীরা ধর্মঘট তুলে নিয়েছেন। আটকে পড়া পণ্য বন্দরে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত এসব পণ্য ব্যবসায়ীরা খালাস নিতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) দিনভর ৩৩৩ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য ভারত থেকে আমদানি ও ১১১ ট্রাক পণ্য ভারতে রফতানি হয়েছে।
বিনিয়োগবার্তা/এসএল//