Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 07 Feb 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত গত তিন বছরে মন্ত্রিসভার প্রায় ৯০ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হচ্ছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে পেশ করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। 

এতে আরো বলা হয়েছে, এ সময়ের মধ্যে মন্ত্রিসভায় মোট ৬৮৯টি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ৬১৫টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে এবং আরো ৭৪টি সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এবং বাংলাদেশ সচিবালয় থেকে সংশ্লিষ্ট অন্যান্যরা অংশ নেন।

বৈঠকের পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, গত তিন বছরে মন্ত্রিসভার সিদ্ধান্তের বাস্তবায়নের হার ৮৯.২৬ শতাংশ।

২০১৯ সালের মন্ত্রিসভায় নেয়া ২৫৮টি সিদ্ধান্তের মধ্যে ২৫১টি (৯৭.২৯ শতাংশ) বাস্তবায়িত হয়েছে, ২০২০ সালে ২৫১টি সিদ্ধান্তের মধ্যে ২৩২টি (৯২.৪৩ শতাংশ) বাস্তবায়িত হয়েছে এবং ২০২১ সালে মন্ত্রিসভায় গৃহীত ১৮০টি সিদ্ধান্তের মধ্যে ১৩২টি (৭৩.৩৩ শতাংশ) বাস্তবায়িত হয়েছে।

এছাড়া অক্টোবর ২০২১ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত মন্ত্রিসভায় ৫৬টি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এগুলোর মধ্যে ৩৪টি সিদ্ধান্ত এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট ২২টি সিদ্ধান্ত বর্তমানে বাস্তবায়িত হচ্ছে।

বিনিয়োগবার্তা/এসএল//