
নিজস্ব প্রতিবেদক: প্রতারণা রোধে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কিছু নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমি বিক্রি করে নয়, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশ যেতে এবং ভিসার জন্য অতিরিক্ত অর্থ না দেয়ার পরামর্শ দিয়েছেন সরকার প্রধান। জনশক্তি রপ্তানির প্রক্রিয়া স্বচ্ছ করে সবাইকে জানানোর জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনাও দেন তিনি।
সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী এসব পরামর্শ ও নির্দেশনা দেন। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এসব কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজ বিশেষ করে শ্রমিক নিয়োগের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষভাবে জোর দেয়া হয়েছে, কোনোভাবেই যাতে শ্রমিকরা- যারা বিদেশে যাবে, আমাদের জনশক্তি তারা নিজেরাও যেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা তাদের অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখে, কোনোভাবেই যেন তারা অতিরিক্ত টাকা না দেয়।
অনেকে না জেনে সরাসরি পেমেন্ট করে উল্লেখ করে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, একটা পরামর্শ আছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বলা হয়েছে। তারা প্রোমোট করবে, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে যাক। জমিজমা বিক্রি করে না যেতে, ব্যাংক থেকে লোন নিলে একটা সুবিধা হবে ব্যাংক কিন্তু তার অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম না করা পর্যন্ত পেমেন্ট দেবে না। সেক্ষেত্রে সেও কিন্তু একটা সেইফটিতে থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন, বিদেশে যে লোকজন যাবে তা ভেরি প্রিসাইজ ও ট্রান্সপারেন্ট করে দিতে এবং টেলিভিশন, রেডিও ও মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রচার করে দেয়া। বলা যে, এরা হলো জনশক্তি রপ্তানির অথরিটি, এই পরিমাণে টাকা লাগবে। আপনাদের যদি যথাসম্ভব টাকার প্রয়োজন হয় আপনারা অনুগ্রহ করে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে যান।
খন্দকার আনোয়ারুল বলেন, আরেকটা জিনিস, যেটা মিটিংয়ে আলোচনা হলো, প্রধানমন্ত্রীও বললেন, একশটি শিল্প পার্ক হচ্ছে, বেজা ও অন্যান্যদের। অনেক জায়গায় শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেজন্য এটাও প্রচারে আনার জন্য বলা হয়েছে। মীরেরসরাই বা অন্যান্য জায়গায় যে শিল্প পার্ক হচ্ছে, এখানে লাখ লাখ শ্রমিকের প্রয়োজন হবে। নিজেরা (শ্রমিকরা) ক্যাপাসিটি বিল্ডিং করে এসব খোঁজ নেন, খোঁজ নিন কোন অঞ্চলে কোন ধরণের শ্রমিকের প্রয়োজন হবে। সেই বিষয়ে ট্রেনিং নিয়ে আপনারা দেশেই ভালো টাকা আয় করতে পারবেন।
মানুষ যাতে প্রতারিত না হয়, সেজন্য ব্যাপকভাবে প্রমোশন ও ক্যাম্পেইন করে মানুষকে জানানোর জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
বিনিয়োগবার্তা/ডিএফই//