
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তির চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, পর্যায়ক্রমে তিন ধাপের পর আজ (মঙ্গলবার) চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের কথা ছিল। কিন্তু কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা না পাওয়ায় সেটি সম্ভব হয়নি। ১০ ফেব্রুয়ারির মধ্যে কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তালিকা পাওয়ার পরই চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, কোটায় ভর্তি হতে চাওয়া প্রার্থীদের তালিকা পাওয়ার পর তার সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের আসন সমন্বয় করে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে সময় পেছালেও তৃতীয় ধাপের মানোন্নয়নের টাকা জমা দেওয়ার সময় আর বাড়ছে না। এছাড়াও ২৩ ফেব্রুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়টিও অপরিবর্তিত রয়েছে।
মূলত, গত বছরের ৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সাত কলেজের বিজ্ঞান অনুষদ, বাণিজ্য অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে লগইন করে কলেজ ও বিষয় পছন্দ করেছেন। শিক্ষার্থীদের আবেদন ও ফলের ভিত্তিতেই কলেজ ও বিষয় বরাদ্দের ফল দেওয়া হচ্ছে।
এর আগে, ৫ ও ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৭ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদে পাশের হার প্রায় ৭৩ শতাংশ, বিজ্ঞান অনুষদে পাশের হার ৫৭.৭০ শতাংশ এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে পাশের হার ৬৭.৯ শতাংশ।
বিনিয়োগবার্তা/এসএল//