
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিডের নির্ভরযোগ্যতা বাড়াতে এবং আরো বেশি ব্যয় সাশ্রয়ী ও অভিঘাতসহনশীল করার লক্ষ্যে ১২ কোটি ৯০ লাখ টাকা (১ দশমিক ৫ মিলিয়ন ডলার) কারিগরি সহায়তা হিসেবে অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ পাওয়ার সেলকে শুক্রবার যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (ইউএসটিডিএ) এ সহায়তা দিয়েছে।
ইউএসটিডিএ এর ভারপ্রাপ্ত পরিচালক রাষ্ট্রদূত (অব.) ভিনাই থুম্মালাপাল্লি বলেছেন, এর মাধ্যমে বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিড বা জ্বালানি ব্যবস্থাপনা একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আসবে। ফলে বৈদ্যুতিক গ্রিড আরো দক্ষ ও গতিশীল হবে এবং নবায়নযোগ্য জ্বালানি সমাধানগুলোর একত্রীকরণের একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে।
ইউএসটিডিএ এর সহায়তা স্মার্ট গ্রিড প্রযুক্তি ব্যবহার করে আগামী ১০ বছরে বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিড ব্যবস্থাপনার লক্ষ্যে বিনিয়োগ ও বাস্তবায়নের বিস্তারিত পথনির্দেশনা তৈরিতে সহায়তা করবে। ম্যাসাচুসেটস-ভিত্তিক বোস্টন কনসাল্টিং গ্রুপ এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করবে।
ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লা-ফেভ বলেন, একটি স্মার্ট গ্রিড দ্বারা আনা দ্বি-মুখী যোগাযোগ পদ্ধতি আমাদের আরো দক্ষতার সঙ্গে শক্তি তৈরি এবং ব্যবহার করার সুযোগ করে দেবে। তাই একটি স্মার্ট গ্রিড বাস্তবায়ন করা অবকাঠামোগত উন্নয়নের মতোই সমান গুরুত্বপূর্ণ, যা যেকোনো সেতু বা ফ্লাইওভারের মতোই তাৎপর্যপূর্ণ।
তিনি আরো বলেন, এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে জলবায়ু-স্মার্ট অবকাঠামোর লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে ইউএসটিডিএ’র বৈশ্বিক অংশীদারত্বের ক্ষেত্রে অগ্রগতি ঘটবে, যা উদীয়মান বাজারে ক্লিন বা পরিচ্ছন্ন পরিবহন ও জ্বালানি অবকাঠামো প্রকল্পগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের শিল্পকে সংযুক্ত করবে।
বিনিয়োগবার্তা/এসএল//