
বিনিয়োগবার্তা ডেস্ক: গ্যালাক্সি এস স্মার্টফোনের সবশেষ ভার্সন গ্যালাক্সি এস ২২ সিরিজকে বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। শক্তিশালী ক্যামেরা আর দ্রুতগতির প্রসেসর সমৃদ্ধ এই স্মার্টফোনগুলো প্রতিদ্বন্দ্বিতায় ফেলবে অ্যাপলের সর্বশেষ ভার্সনের স্মার্টফোন আইফোন ১৩ কে।
অ্যাপলের আইফোনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে এবার অনেকটা কোমর বেঁধেই নেমেছে তাদের প্রতিদ্বন্দ্বী স্মার্টফোন জায়ান্ট স্যামসাং।
এর অংশ হিসেবে নিজেদের ফ্লাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস এর সবশেষ ভার্সন এস ২২ সিরিজের তিনটি আলাদা মডেলকে বাজারে আনছে তারা।
শক্তিশালী ক্যামেরা আর দ্রুতগতির প্রসেসর সমৃদ্ধ ডিভাইসগুলো প্রতিযোগিতা করবে অ্যাপলের সর্বশেষ ভার্সন আইফোন ১৩ এর সাথে।
গত বুধবার (৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস ২২, এস ২২ আল্ট্রা ও এস ২২ প্লাসকে বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং।
আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে স্মার্টফোনগুলোকে।
যুক্তরাষ্ট্রের বাজারে গ্যালাক্সি এস ২২ পাওয়া যাবে ৭৯৯ দশমিক ৯৯ ডলারে, এস ২২ প্লাস পাওয়া যাবে ৯৯৯ দশমিক ৯৯ ডলারে আর এস ২২ আল্ট্রা পাওয়া যাবে ১১৯৯ দশমিক ৯৯ ডলার।
অপরদিকে চলতি বছরের শেষার্ধে তারা বাজারে আনতে যাচ্ছে ভাঁজ করা যায় এমন স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ডেবলকে।
ছবি ও ভিডিও কোয়ালিটির ব্যাপারে খুঁতখুঁতে ক্রেতাদের সন্তুষ্ট করতেই মূলত এস ২২ সিরিজের ফিচার সাজিয়েছে স্যমসাং। দুর্বল আলো এমনকি রাতের বেলা তোলা ছবি ও ভিডিওগুলো আরও আকর্ষণীয় ও পরিষ্কার হয়ে ধরা দেবে এর শক্তিশালী ক্যামেরায়। পাশাপাশি নিজের ফ্রেমে এক সঙ্গে দশজনকে ট্রাক করতে পারবে এটি।
মহামারির মধ্যে বিক্রির দিক থেকে প্রতিদ্বন্দ্বী অ্যাপলের থেকে অনেকটাই পিছিয়ে পড়ে স্যামসাং। মন্দা দেখা দেয় তাদের স্মার্টফোনের বিক্রিতে।
অপরদিকে একই সময়ে ফুলে ফেঁপে ওঠে আইফোন। তবে এস ২২ সিরিজ ও গ্যালাক্সি জেড স্মার্টফোনগুলোর মাধ্যমে বাজারে ফের নিজের অবস্থান ফিরে পাওয়ার প্রত্যাশা করছে স্যামসাং।
২০২২ সালের প্রথম ছয় মাসে এস ২২ সিরিজের দেড় কোটি ডিভাইস বাজারে আনার পরিকল্পনা স্যামসাংয়ের। তবে কাটতি ভালো চলতি বছর এই সিরিজের ৩ কোটি ডিভাইস বিক্রির প্রত্যাশা তাদের।
বিনিয়োগবার্তা/এসএল//