
নিজস্ব প্রতিবেদক: বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, আন্তর্জাতিকভাবে দেশের ব্র্যান্ড ইমেজ বাড়াতে বাংলাদেশের সমৃদ্ধশালী সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বব্যাপী প্রচার করতে হবে।
তিনি ১১ ফেব্রুয়ারি ২০২২ ঐতিহ্য সংরক্ষণে প্রযুক্তির ভূমিকা বিষয়ক এক আলোচনায় বক্তব্য প্রদানকালে বলেন, “আমাদের স্থাপত্য, সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা ও পোশাকে বাংলাদেশের সুদীর্ঘদিনের সমৃদ্ধশালী ঐতিহ্যের প্রতিফলন রয়েছে। এই ঐতিহ্য ও সংস্কৃতির প্রচারণা বাংলাদেশকে একটি স্বতন্ত্র পরিচয় এনে দিতে সাহায্য করবে এবং এই স্বতন্ত্র পরিচয়- ইতিবাচক ব্র্যান্ড ইমেজ বিশ্ব বানিজ্যে বাংলাদেশকে তুলনামূলক (Competitive Advantage) সুবিধা প্রদান করবে।”
সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন এবং এসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনারস অব বাংলাদেশ (এএফডিবি) এর যৌথ উদ্যোগে ঢাকায় গুলশান শুটিং ক্লাবে হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল শুরু হয়েছে।
এই ফেষ্টিভ্যালে দেশী-বিদেশী দর্শনার্থীদের জন্য বিভিন্ন তাঁত পণ্যের পাশাপাশি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের উৎপাদিত বিভিন্ন পণ্যসামগ্রীও প্রদর্শিত হচ্ছে।
আলোচনায় ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনারস অব বাংলাদেশ (এএফডিবি) এর সভাপতি মানতাশা আহমেদ।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান তার বক্তব্যে বলেন, মসলিন, জামদানি এবং অন্যান্য তাঁতে বোনা শাড়ি যেমন - খাদি, মটকা, মুগা, তসর, মনিপুরি প্রভৃতি পণ্য বাংলাদেশের গৌরবময় সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য বহন করে চলেছে।
তিনি বলেন, “সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে যুক্ত করে বাংলাদেশী পোশাক রপ্তানির সুযোগ খুঁজে বের করতে হবে।”
বিজিএমইএ সভাপতি আরও বলেন, “আমরা যদি এই পোশাকগুলো বিদেশে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশীদের কাছে পৌঁছাতে পারি, তাহলে এটি বাংলাদেশের ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত করতে এবং আমাদের সমৃদ্ধ সংস্কৃতি রপ্তানির পথ প্রশস্ত করতে সহায়তা করবে।”
বিনিয়োগবার্তা/ডিএফই//