
নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের মধ্যেই করোনাভাইরাসের সংক্রমণ কমে যাবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিস্থিতি বিবেচনায় এ মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রত্যাশা করছেন তিনি।
রোববার সরকারি বাসভবন গণভবন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে যুক্ত হয়ে নিজের প্রত্যাশার কথা জানান সরকারপ্রধান। তিনি বলেন, আশা করি এ মাসের শেষের দিকে করোনা সংক্রমণ কমে যাবে। সে সময়ই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবো।
যখনই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্য যে নতুন করে সংক্রমণ দেখা দিল। সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলো, চলতি বছর জানুয়ারি মাস থেকে আবারো ওমিক্রনের প্রাদুর্ভাব দেখা দিল। সেজন্য আবার আমাদের এটা (শিক্ষা প্রতিষ্ঠান) বন্ধ করে দিতে হলো। তবে আমি আশা করি আমরা খুলে দিতে পারবো।
তিনি আরো বলেন, এখন যেহেতু পরিস্থিতি বদলাচ্ছে আমরা আশা করি এ মাসের শেষের দিকে হয়তো পরিস্থিতি বদলাবে এবং তখন হয়তো আমরা শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলে দিতে পারবো।
অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে টিকা নেয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের ১২ বছরের ঊর্ধ্বে সব ছেলেমেয়েকে টিকা দেওয়া শুরু হয়েছে। টিকা নেওয়ার প্রতি অনেকেরই একটা অনীহা থাকে। তবে এখন আমরা সব স্তরের মানুষ; যারা টিকা পায়নি এবং শিক্ষা প্রতিষ্ঠান যাতে খুলতে পারি- সেজন্য টিকা কার্যক্রম অব্যাহত আছে। তাই এখন পর্যন্ত যারা টিকা নেননি তাদের প্রতি অনুরোধ থাকবে টিকা নিয়ে নিন। তাতে করোনা সংক্রমিত হলেও খারাপ পর্যায়ে যাবে না।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। মূল অনুষ্ঠান প্রাঙ্গণে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//