Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 13 Feb 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২১তম বৈঠক রোববার কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, মোঃ আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, মজিবুর রহমান চৌধুরী এবং কাজী কানিজ সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন।

গত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিংবোন বন্ড (২য় প্রকল্প) প্রকল্প এবং গ্রামীণ রাস্তায় কম-বেশী (১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত) সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প সম্পর্কে বৈঠকে বিশদ আলোচনা করা হয়।

বৈঠকে ডিপিপি অনুসারে ইজিপি পদ্ধতিতে টেন্ডার আহবান না করে এনালগ প্রক্রিয়ার মাধ্যমে টেন্ডার আহবান করার প্রকৃত কারণ উদঘাটনপূর্বক পরবর্তী সভায় তা উপস্থাপনের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে মুজিব কিল্লাগুলো রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ভাড়ার মাধ্যমে ব্যবহার করা যায় কিনা এ বিষয়ে একটি গাইডলাইন তৈরির জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প হতে প্রাপ্ত ‘মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষ্যে দেশের সকল কর্মহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা-২০২০’ কমিটির সকল সদস্যের মধ্যে সরবরাহ এবং প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের ঘর নিশ্চিতকরণের লক্ষ্যে স্থানীয় সংসদ-সদস্যগণের সাথে পরামর্শ সাপেক্ষে গৃহহীনদের তালিকা প্রণয়ন সহ ঘর বরাদ্দ প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন গ্রামীণ রাস্তার আইডি নম্বর প্রদান এবং বিশেষ ক্ষেত্রে ২০ মিটার পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণের বিষয়ে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

এছাড়া, মন্ত্রণালয়ের কাজের পরিধি এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষ জনবল বৃদ্ধির জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক সহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//