
নিজস্ব প্রতিবেদক: ‘সবার জন্য বীমা’ এ নীতিকে সামনে রেখে রাষ্ট্র মালিকানাধীন সাধারণ বীমা কর্পোরেশন সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়টি বীমার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করে। এ লক্ষ্যে সাধারণ বীমা কর্পোরেশন ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এর মধ্যে রবিবার (১৩ ফেব্রুয়ারী ২০২২) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ পলিসি চালুর বিষয়ে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে সাধারণ বীমা কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহ্রিয়ার আহ্সান এবং এনডিডি সুরক্ষা ট্রাস্ট-এর পক্ষে স্বাক্ষর করেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) ড. মো: আনোয়ার উল্ল্যাহ, (এফসিএমএ)।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) এর পরিচালনায় উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে মাহফুজা আখতার, সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়, শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, শেখ কবির হোসেন, প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশন ভার্চুয়ালি উপস্থিত ছিলেণ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আইডিআরএ-এর চেয়ারম্যান, ড. এম. মোশাররফ হোসেন এফসিএ, আইডিআরএ-এর সদস্যবৃন্দ, নির্বাহী পরিচালকগণ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ এনডিডি ট্রাস্ট ও সাবীকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী (এনডিডি) সুরক্ষা টাস্ট আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী অটিজম, ডাউন সিনড্রোম, বুদ্ধি প্রতিবন্ধি ও সেরিব্রাল পালসি এই ৪ ধরণের নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ব্যক্তিদের সাশ্রয়ী প্রিমিয়ামে স্বাস্থ্য বীমা সেবা প্রদানই এ বীমার মূল উদ্দেশ্য। এক্ষেত্রে বীমাগ্রহীতার পূর্ব শারীরিক অবস্থার জন্য বীমা পলিসি গ্রহণে কোন সমস্যা নেই। বীমাঝুঁকি গ্রহণের পূর্বে কোন ডাক্তারী পরীক্ষার প্রয়োজন নেই এবং যে কোন সরকারী হাসপাতালের OPD চিকিৎসার ব্যয় পুনর্ভরণ করার ব্যবস্থা আছে। এছাড়াও নির্ধারিত সীমার মধ্যে হাসপাতালে ভর্তির পূর্ব ও পরবর্তী ব্যয় পুনর্ভরণ করা যাবে। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের ৩ থেকে ২৫ বছর বয়সের সকল নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী (এনডিডি) ব্যক্তি এ বীমা পলিসি গ্রহণ করতে পারবে। শারীরিক ও মানসিক চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য বাংলাদেশে প্রথম চালুকৃত যুগান্তকারী এ বীমা প্রকল্পের মাধ্যমে বছরে ৬০০ (ছয়শত) টাকা প্রিমিয়ামের বিনিময়ে সর্বোচ্চ ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা কভারেজ দেয়া হবে। এতে তাদের উপযুক্ত চিকিৎসার পাশাপাশি সামাজকভাবেও তাদের ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত হবে।
আগামী ১ র্মাচ ২০২২ তারিখ জাতীয় বীমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ পলিসির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//