Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 15 Feb 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: অষ্টম বারের মতো মোংলা বন্দরে মেট্রোরেলের আরও একটি চালান এসে পৌঁছেছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে মেট্রোরেলের চালান নিয়ে পানামা পতাকাবাহী এম হরাইজন-৯ জাহাজটি নোঙর করে।

গত ১ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা এই চালানে রয়েছে মেট্রোরেলের আটটি বগি ও চারটি ইঞ্জিন। বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য জানান।

তিনি আরও বলেন, এবারের ইঞ্জিন বগির সঙ্গে ৪৪ প্যাকেজের আরও ৪৮৮ মেট্রিক টনের সরঞ্জামও এসেছে। এগুলো সোমবার দুপুর থেকেই খালাস প্রক্রিয়া শুরু হবে।

মোংলা বন্দরে আসা হরাইজন-৯ নামে বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, সোমবার পর্যন্ত আটটি জাহাজে মেট্রোরেলের মোট ৬৮টি বগি মোংলা বন্দরে এসেছে। ২০২২ সালের মধ্যে আরও ৮২ বগি আসবে। এর আগে সাতটি জাহাজে করে ৫৬টি বগি এই বন্দরে পৌঁছায়। সেসব বগি সংযোজন করে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে স্বপ্নের মেট্রোরেল।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, দেশে আমদানি হওয়া মেট্রোরেলের এসব বগি ও ইঞ্জিন মোংলা বন্দর দিয়ে খালাস হওয়ায় বন্দরের সক্ষমতার প্রমাণ মিলেছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//