Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Feb 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশে ৫জি উপযোগীকরণে অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নীতকরণ এবং ১৫টি সরকারি হাসপাতালে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নসহ ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮০৪ কোটি ১০ লাখ টাকা। এর মধ্যে সংস্থার নিজস্ব ১২০ কোটি ৭৮ লাখ টাকা এবং ঋণ থেকে পাওয়া যাবে ১৬৭ কোটি ৪৫ লাখ টাকা। বাকি ৮ হাজার ৫১৫ কোটি ৮৭ লাখ টাকা সরকারি অর্থায়নে ব্যয় হবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

অনুমোদিত প্রকল্প: অনুমোদিত প্রকল্পগুলো হলো ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ‘৫জি-র উপযোগীকরণে বিটিসিএলের অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন’ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ৫৯ কোটি টাকা।
‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প: জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক (এন-৪) চারলেন মহাসড়কে উন্নীতকরণ (তৃতীয় সংশোধিত)’ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৬ হাজার ১৬৮ কোটি টাকা। প্রকল্পটিতে প্রকল্প ঋণ ও অনুদান ২১৫ কোটি ৬৩ লাখ টাকা কমেছে। তবে সরকারি ব্যয় ১৬৯ কোটি ৬৮ লাখ টাকা বেড়েছে। ফলে সার্বিকভাবে ৪৫ কোটি ৯৫ লাখ টাকা ব্যয় কমানো হয়েছে।

এছাড়া ‘ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প: সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পটির ব্যয় বৃদ্ধি করে ৭ হাজার ৯৭৫ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

‘১৫টি সরকারি হাসপাতালে হাসপাতালভিত্তিক চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা’ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২১৪ কোটি ৪৮ লাখ টাকা এবং
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, খুলনা স্থাপন’ প্রকল্পে ব্যয় হবে ৫৫৩ কোটি ৮৪ লাখ টাকা।

এছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘ইনটিগ্রেটেড কমিউনিটি বেইজড সেন্টার ফর চাইল্ড কেয়ার, প্রটেকশন অ্যান্ড সুইম-সেফ ফ্যাসিলিটিস’ প্রকল্পে ব্যয় ২৭১ কোটি ৮৩ লাখ টাকা,

‘বরগুনা জেলাধীন পোল্ডার ৪১/৬ এ, ৪১/৬ বি ও ৪১/৭ এ পুনর্বাসন এবং বেতাগী শহরসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ অংশ বিষখালী ও পায়রা নদীর ভাঙন থেকে প্রতিরক্ষা’ প্রকল্পে ব্যয় হবে ৮২৬ কোটি ৪৯ লাখ টাকা।

‘ভোলা জেলার মুজিবনগর ও মনপুরায় উপকূলীয় বাঁধ পুনর্বাসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও তীর সংরক্ষণ (প্রথম পর্যায়)’ প্রকল্পে ব্যয় হবে ১ হাজার ৯২ কোটি ৭০ লাখ টাকা।

‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে দুটি মডার্ন ফায়ার স্টেশন স্থাপন’ প্রকল্পে ১২২ কোটি ৭২ লাখ টাকা এবং

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোনস অব বিপিডিপি’ প্রকল্পে ব্যয় হবে ৬১৯ কোটি ৩০ লাখ টাকা।

সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবু হেনা মোরশেদ জামান, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মো. কাউসার আহাম্মদ, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মামুন-আল-রশীদ, আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য মোসাম্মৎ নাসিমা বেগমসহ পরিকল্পনা কমিশনের অন্য সদস্যরা।

বিনিয়োগবার্তা/ডিএফই//