Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Feb 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: গ্যাস ও বিদ্যুৎ খাতের বকেয়া আদায়ের জন্য কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় এ দুটি খাতে সরকারের দেওয়া ভর্তুকি কমিয়ে ফেলার নির্দেশও দেন তিনি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠান সময়মতো গ্যাস ও বিদ্যুতের পাওনা অর্থ পরিশোধ করছে না এমন তথ্য প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। এসময় তিনি কঠোর মনোভাব দেখিয়ে প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলেন।

সভায় জানানো হয়েছে, সরকারি ও বেসরকারি পর্যায়ে এখন বিদ্যুতের বিল বকেয়া আছে প্রায় ৯ হাজার কোটি টাকা। এছাড়াও গ্যাসের বিল বকেয়া আছে ৬ হাজার ৩৬৫ কোটি টাকা। এসব প্রতিষ্ঠান এসব সেবা গ্রহণ করলেও পাওনা পরিশোধে গড়িমসি করছে। এ তথ্য জানার পর প্রধানমন্ত্রী ওই সিদ্ধান্ত দেন।

পরিকল্পনামন্ত্রী গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী গ্যাস ও বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়া থেকে সরে আসতে বলেছেন। এজন্য যথাযথ কৌশল নির্ধারণেও নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, কিছু ক্ষেত্রে ভর্তুকির অপব্যবহার হয়। অনেকে ভর্তুকির সুবিধা পান না। ভর্তুকি অর্থনৈতিকভাবেও গ্রহণযোগ্য নয়। কেউ পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। এটা অন্যায্য।

এ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, কৃষিতে ভর্তুকি অব্যাহত থাকবে। তবে শিল্পের খাত থেকে ভর্তুকি কমিয়ে আনা হবে। শিল্প ও বিলাসী এলাকায় আর ভর্তুকি দিতে চায় না সরকার। তবে কৃষি ও বস্তি এলাকায় ভর্তুকি অব্যাহত থাকবে।

বিনিয়োগবার্তা/এসএল//