Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 01 Mar 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: খাদ্য চাহিদা পূরণের জন্য ধান, গম, ভুট্টা, ডাল, তৈল বীজ ইত্যাদি দেশি ফসল নিয়ে গবেষণালব্ধ বীজ সব কৃষককে উৎপাদনে উৎসাহিত করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া কৃষিজ পণ্যের উৎপাদন বৃদ্ধি করে নতুন ধানের বীজ কৃষকদের মাঝে পৌঁছে দেওয়া এবং কম খরচে অধিক উৎপাদন সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২১তম বৈঠকে এ নির্দেশনা ও সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মতিয়া চৌধুরী’র সভাপতিত্বে এ বৈঠক হয়। এতে কৃষি মন্ত্রণালয়ের সার্বিক অগ্রগতির বিষয়ে আলোচনা হয়।

কমিটির সদস্য কৃষি মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মুহা. ইমাজ উদ্দিন প্রাং, মো. মামুনুর রশীদ কিরন, আনোয়ারুল আবেদীন খান, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা বৈঠকে অংশ নেন।

বৈঠকে বিগত ১৩ বছরে ৭৩টি ধানের উদ্ভাবিত জাতের মধ্যে ব্রি ধান ৯৬, বঙ্গবন্ধু ধান ১০০, ব্রি ধান ১০১ এবং ব্রি ধান ১০২ সবস্তরে উৎপাদনে উৎসাহিত করার পাশাপাশি আমদানি নির্ভরতা কমাতে এবং তৈল বীজ ও আউশের বিভিন্ন ভ্যারাইটি উৎপাদন ও গবেষণার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে মহান স্বাধীনতার মাসে জাতির পিতা এবং মুক্তিযুদ্ধে শহীদ ও আহত সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//এসএল//