Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 02 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ড: মিহির কুমার রায়ঃ ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভেঙ্গে ভারত ও পাকিস্থান নামে দুটি রাষ্ট্র জম্ম নেয় যার একটি ছিল পশ্চিম পাকিস্তান ও অপরটি ছিল পূর্ব পাকিস্থান। সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্থানের মানুষ বাঙালী (৫৬%) যাদের মাতৃভাষা বাংলা। অপরদিকে পশ্চিমাঞ্চলের ভাষা ছিল সিন্ধী, পশ্তু, বেলুচ, উর্দুসহ আরও কয়েকটি ভাষা। এ অবস্থায় পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগ নেতৃত্ব সমগ্র পাকিস্থানের আনুমানিক পাঁচ শতাংশের ভাষা উর্দুকে পাকিস্থানের রাষ্ট্রভাষা করার চেষ্টা করে। ১৯৪৭ সালের জুলাইয়ে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. জিয়া উদ্দিন আহমদ অভিমত ব্যক্ত করেন, হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা হিসেবে যেহেতু স্বীকৃতি দেয়া হচ্ছে, উর্দুকেও পাকিস্তানের রাষ্ট্রভাষা করা উচিত। ড. মুহম্মদ শহীদুল্লাহ এ মতামতের পরিপ্রেক্ষিতে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্র ভাষার মর্যাদা দেয়ার পক্ষে অভিমত দেন। ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক আবুল কাসেমের নেতৃত্বে গঠিত ‘পাকিস্তান তমদ্দুন মজলিস’ ১৫ সেপ্টেম্বর প্রকাশিত ‘পাকিস্তানের রাষ্ট্র ভাষা বাংলা না উর্দু’ শীর্ষক একটি পুস্তিকায় বাংলাকে পূর্ব পাকিস্তানের শিক্ষার বাহন ও আইন-আদালত ও অফিসাদির ভাষা করার প্রস্তাব করা হয়। কিন্তু ‘১৯৪৭ সালের ৫ ডিসেম্বর করাচিতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে উর্দুকে রাষ্ট্র ভাষা করার সুপারিশ করা হয়। পাকিস্তানের তত্কালীন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ফজলুর রহমান, মন্ত্রী হাবিবুল্লাহ বাহার ও আবদুল হামিদ ওই সম্মেলনে উপস্থিত ছিলেন। এ সংবাদ ৬ ডিসেম্বর ঢাকা থেকে প্রকাশিত মর্নিং নিউজ পত্রিকায় প্রকাশিত হওয়ার পর পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রদের প্রতিবাদ সভায় প্রস্তাব গৃহীত হয়, বাংলাকে পাকিস্তান রাষ্ট্রের অন্যতম রাষ্ট্র ভাষা এবং পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা ও শিক্ষার মাধ্যম করা হোক। এটিই রাষ্ট্র ভাষার দাবি নিয়ে ছাত্রদের প্রথম সমাবেশ। ওই সমাবেশে সভাপতিত্ব করেন তমদ্দুন মজলিসের সম্পাদক অধ্যাপক আবুল কাসেম আর পাকিস্তানি শাসকগোষ্ঠীর পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৮ সালের ২০ মার্চ রেসকোর্স ময়দান (সোহরাওয়ার্দী উদ্যান) এবং ২১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করে তিনি উভয় সমাবেশে একমাত্র উর্দুকে পাকিস্তানের রাষ্ট্র ভাষা করার ঘোষণা করেন। এর আগে ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের আইন সভায় বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার দাবি জানানো হয়।

১৯৪৮ সালের এবং ১৯৫২ সালের রক্তক্ষয়ী সংগ্রাম তার প্রমাণ বিশেষ করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানীদের গোয়ার্তুমির চূড়ান্ত প্রকাশ ঘটে এবং এদিন রাষ্ট্র ভাষা বাংলার দাবি রুখতে ১৪৪ ধারা জারি করে পুলিশ অথচ সকল ভয় জয় করে ছাত্ররা রাজপথে নেমে আসে। তখন পুলিশের গুলিতে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েছিল আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, শফিক, রফিকসহ নাম না জানা আরও অনেকে। পরদিন ২২ ফেব্রুয়ারি ছাত্র ছাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষও রাজপথে নেমে আসেন। স্বজন হারানোর স্মৃতি অমর করে রাখতে ২৩ ফেব্রুয়ারি রাতে মেডিক্যাল কলেজ হোস্টেল প্রাঙ্গণে শহীদদের স্মরণে গড়ে তোলা হয় স্মৃতিস্তম্ভ। ২৬ ফেব্রুয়ারি স্মৃতির মিনার গুঁড়িয়ে দেয় পুলিশ। পঞ্চাশের দশকে বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে জাতী ধর্ম্ম বর্ণ নির্বিশেষে একই মিছিলে শরিক হয় সেই গণপরিষদে যখন ধীরেন্দ্র নাথ দত্ত বাংলা ভাষাকে অন্যতম দাপ্তরিক ভাষা করার দাবি করেন; তিনি যুক্তি প্রদর্শন করেন, পাকিস্তানের ৬ কোটি ৯০ লাখ জনগণের মধ্যে পূর্ব পাকিস্তানের (পূর্ব বাংলার) ৪ কোটি ৪০ লাখ লোকের ভাষা বাংলা। কাজেই দেশের সংখ্যাগরিষ্ঠ লোকের ভাষাই রাষ্ট্র ভাষা হওয়া উচিত। ২৫ ফেব্রয়ারি অনুষ্ঠিত আলোচনায় প্রধানমন্ত্রী তীব্র ভাষায় এ প্রস্তাবের বিরোধিতা করেন। দুঃখের বিষয়, মুসলিম লীগের কোনো বাঙালি সদস্য ধীরেন্দ্র নাথ দত্তকে সমর্থন করে কথা বলেননি। পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ও উর্দুর পক্ষ অবলম্বন করেন। ১১ মার্চ গণপরিষদে প্রস্তাব পাস হয় যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্র ভাষা। ১৯৪৮ সালে পাকিস্তান গণপরিষদের আচরণ বিষয়ে শেখ মুজিবুর রহমান বলেন, ‘...১৯৪৮ সালের ১১ মার্চ যখন করাচিতে গণ পরিষদে এ মর্মে প্রস্তাব পাস করা হলো যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা, তখন থেকেই বাংলা ভাষার “বিরুদ্ধে ষড়যন্ত্রের সূত্রপাত। তখন কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত একা এ প্রস্তাবের বিরোধিতা করেছিলেন। আমি অবাক হয়ে যাই, ওই সময় আমাদের বাঙালি মুসলিম নেতারা কী করেছিলেন?’ পশ্চিম পাকিস্তানে সংবিধান সভার বৈঠক চলাকালীন পূর্ব বাংলার ছাত্র ও সচেতন মহল বুঝতে পারল যে বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্র ভাষা করার জন্য বিরাট ষড়যন্ত্র চলছে। গণ পরিষদে বাংলা ভাষা বিরোধী সিদ্ধান্ত গৃহীত হলে ঢাকায় ছাত্র সমাজ ২৬ ফেব্রুয়ারি ধর্মঘট পালন করে। বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ২ মার্চ ফজলুল হক হলে বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদের একটি সভা আহ্বান করা হয়। কামরুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ১১ মার্চ পূর্ব বাংলায় ধর্মঘটের সিদ্ধান্ত গৃহীত হয় এবং দিনটিকে ‘বাংলা ভাষা দাবি দিবস’ ঘোষণা করা হয়। এ সভাতেই ‘রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ’- কে সর্বদলীয় রূপ দেয়া হয়। ১১ মার্চের কর্মসূচি সফল করার জন্য সর্বদলীয় সংগ্রাম পরিষদের নেতারা জেলায় জেলায় সফরে বেরিয়ে পড়েন। তত্কালীন ছাত্র নেতা শেখ মুজিবুর রহমান ফরিদপুর, যশোর হয়ে দৌলতপুর, খুলনা ও বরিশালে ছাত্রসভা করেন। ১১ মার্চ ‘বাংলা ভাষা দাবি দিবস’ উপলক্ষে পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট পালিত হয়। ওইদিন ভোরে শত শত ছাত্র ইডেন বিল্ডিং, জিপিও ও অন্যান্য জায়গায় পিকেটিং শুরু করেন। পুরো ঢাকা শহর পোস্টারে ভরে যায়। ছাত্রদের আন্দোলনে পুলিশ লাঠি চার্জ করে। নানা জায়গায় অনেক ছাত্র আহত হন। শামসুল হক, শেখ মুজিবুর রহমান, অলি আহাদসহ ৭০-৭৫ জন ছাত্রকে গ্রেফতার করা হয়। ফলে আন্দোলন দানা বেঁধে ওঠে। স্বাধীন পাকিস্তানে এটিই শেখ মুজিবুর রহমানের প্রথম গ্রেফতার।

তখন পূর্ব পাকিস্তান আইন সভার অধিবেশন চলছিল। এ সময় শেরে বাংলা এ. কে ফজলুল হক, বগুড়ার মোহাম্মদ আলী, তোফাজ্জুল আলী, ডা. মালেক, খান এ সবুর, খয়রাত হোসেন, আনোয়ারা খাতুন এবং আরো অনেক সদস্য ছাত্রদের পুলিশ কর্তৃক মারধর ও জেলে পাঠানোর প্রতিবাদ করেন। নাজিমুদ্দিন সাহেব ঘাবড়ে গেলেন এবং সংগ্রাম পরিষদের সঙ্গে আলাপ করতে রাজি হলেন। ১১ মার্চের আন্দোলন ও ধর্মঘটের প্রস্তোতির জন্য শেখ মুজিবুর রহমানসহ অন্য নেতারা আগেই ঢাকায় চলে আসেন। ১০ মার্চ রাতে ফজলুল হক হলে রাষ্ট্রভাষা কর্ম পরিষদের এক সভা হয়। সভায় কয়েকজন বক্তার আপসকামী মনোভাব দেখে শেখ মুজিবুর রহমান বলেন, ‘সরকার কি আপস প্রস্তাব দিয়েছে? নাজিমুদ্দিন সরকার কি বাংলা ভাষার দাবি মেনে নিয়েছে? যদি তা না হয়ে থাকে, তবে আগামীকাল ধর্মঘট হবে, সেক্রেটারিয়েটের সামনে পিকেটিং হবে।’ শেখ মুজিবুর রহমানকে সমর্থন দিলেন অলি আহাদ, মোহাম্মদ তোয়াহা, মোগলটুলীর শওকত আলি ও শামসুল হক সাহেব। অলি আহাদ তার ‘জাতীয় রাজনীতি - ৪৫ থেকে ৭৫’ গ্রন্থে’ উল্লেখ করেন, ‘সেদিন (১০মার্চ) সন্ধ্যায় যদি মুজিবুর রহমান ভাই ঢাকায় না পৌঁছতেন, তাহলে ১১ মার্চের হরতাল, পিকেটিং কিছুই হতোনা।’ ১৯৪৮-এ সূচিত ছাত্র-জনতার আন্দোলন '৫২ তে বেগবান হয়ে ওঠে। একুশে ফেব্রুয়ারি গুলিবর্ষণের পর তা গনঅভ্যুত্থানে পরিণত হয়। পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষার মর্যাদা দিতে বাধ্য হয়। সেই সঙ্গে রাজপথের সংগ্রাম ও নতুন মাত্রায় উন্নীত হয়। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আবহমান কালের বাংলা জেগে ওঠে।

১৯৫২ থেকে ১৯৭১ এই ১৯টি বছর দেশের মানুষ কাটিয়েছে অনেক সংগ্রামের মাধ্যমে জাতীর পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং এর সফল বাস্তবায়ন হয় ১৯৭১-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয় যা জাতির ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে আছে। বঙ্গবন্ধু তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’তে পৃষ্ঠা ৯২ এ লিখেছেন - “সভায় ১৯৪৮ সালের ১১ই মার্চকে ‘বাংলা ভাষা দাবি দিবস’ ঘোষণা করা হল। জেলায় জেলায় আমরা বের হয়ে পড়লাম। আমি ফরিদপুর, যশোর হয়ে দৌলতপুর, খুলনা ও বরিশালে ছাত্র সভা করে ঐ তারিখের তিনদিন পূর্বে ঢাকায় ফিরে এলাম”। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ১৯৫২ সালেই বাংলাকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যান। ওই বছর তিনি চীনের পিকিংয়ে (২-১২  অক্টোবর) অনুষ্ঠিত বিশ্ব শান্তি সম্মেলনে বাংলায় বক্তৃতা করেন। কেন তিনি চীনের বিশ্ব শান্তি সম্মেলনে বাংলায় ভাষণ দেন তার উল্লেখ রয়েছে 'অসমাপ্ত আত্মজীবনী' (পৃষ্ঠা ২২৮)-তে। তিনি বলেছেন, 'পূর্ব বাংলার ছাত্ররা জীবন দিয়েছে মাতৃভাষার জন্য। বাংলা পাকিস্তানের সংখ্যাগুরু লোকের ভাষা। কবি গুর রবীন্দ্রনাথকে না জানে এমন শিক্ষিত লোক চীন কেন দুনিয়ার অন্যান্য দেশেও আমি খুব কম দেখেছি। আমি ইংরেজিতে কথা বলতে পারি। তবু মাতৃভাষায় কথা বলা আমার কর্তব্য।' এরপর স্বাধীনতা-উত্তর ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় বক্তৃতা করেন। আসলে বাংলায় বক্তৃতা করে বঙ্গবন্ধু শুধু বাংলা ভাষাকে বিশ্ব সম্প্রদায়ের কাছে পরিচয় করানো নয়, বাঙালির স্বকীয় বৈশিষ্ট্য এবং ভাষাভিত্তিক জাতীয়তাবাদী আন্দোলনের মধ্য দিয়ে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার বার্তাও পৌঁছে দেন। বর্তমান বিশ্বে ৭০০কোটি মানুষ ৬০০০ ভাষায় কথা বলে
বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে গিয়ে বুকের রক্ত দিয়ে গেছেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরো অনেকে যার বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা তথা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ভাষা। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় ও ২০০০ সাল থেকে বিশ্বের ১৯৩টি রাষ্ট্রে প্রতিবছরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে যা বাংলার বিশ্বায়ন প্রক্রিয়ায় এটি একটি বড় ধাপ। আমাদের বড় পরিচয় আমরা বাঙালি- আমাদের ভাষা বাংলা। আমাদের সংস্কৃতি, সাহিত্য চিন্তা ও বোধ- এক। বাঙালি হিসেবে অহংকার করার মতো আমাদের রয়েছে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। আজ আমাদের গর্বিত পরিচয়- মাতৃভাষার জন্য আমরা রক্ত দিয়েছি বিধায় আমরা একুশের উত্তরাধিকার। কিন্তু এত আত্মত্যাগ সেই ভাষা আজ কতটা টেকসই? শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অনেক দেশেই মাতৃভাষা ভুলে যাওয়া মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। কাজেই আমাদের প্রাপ্তির ও প্রত্যাশার বিচার বিশ্লেষনের এটাই প্রকৃষ্ঠ সময়। কারন ১৯৫২ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি- এই ৭ (সাত) দশকের পথ পরিক্রমায় জাতী কি পেয়েছে: জাতী পেয়েছে একটি স্বাধীন রাষ্ট্র, একটি ভাষা, ভাষা নিয়ে গর্বের অধিকার, আত্ম উপলব্দির সুযোগ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, শহীদ মিনার তৈরীর সুযোগ, সংস্কৃতি বিকাশের সুযোগ-কি গানে, কি কবিতায়, কি নাটকে, কি চলচ্চিত্রে, কি একুশের বইমেলায়, একুশে কেন্দ্রীক ব্যবসা যেমন ফুল, মুদ্রণশিল্প, চিত্রকর, নির্মাণ শিল্পি, কলাকুশলী ইত্যাদি। এই ভাষা আন্দোলনই স্বাধীন বাংলাদেশকে জন্ম দিয়েছে মূলত দুটি উদ্দেশ্যকে সামনে রেখে: প্রথমত রাষ্ট্রভাষা বাংলা চাই ও দ্বিতীয়ত: সর্বস্তরে বাংলাভাষার ব্যবহার চাই। প্রথমটি অর্জিত হলেও দ্বিতীয়টি অনেকাংশে অপূর্ণ রয়ে গেছে যা অনেকটা আশংকার কারন বলে প্রতিয়মান হয়। ১৯৮৭ সালে দেশে আইন করা হয় যে সর্বস্তরে বাংলাভাষা ব্যবহার ও প্রয়োগ করা হবে। কিন্তু তা কম মানা হচ্ছে। কিন্তু আমরা এ ব্যাপারে কতটা কী করতে পেরেছি? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে বটে, কিন্তু সর্বস্তরে বাংলা প্রচলনের ক্ষেত্রে অগ্রগতি নেই কেন? এই ব্যর্থতার দায় সবার। কথা ছিল শিক্ষা ব্যবস্থা হবে একমুখী, কিন্তু তাও হলো না। আমরা রাষ্ট্র বদল করলাম কিন্তু সমাজ বিনির্মাণ করতে পারলাম না যার জন্য প্রয়োজন বৈষম্য দূরীকরণে একমুখী শিক্ষা ব্যস্থার নিশ্চিত করা একুশের শিক্ষা হলো সমষ্টির পক্ষে কোনো বিজয়ই অসম্ভব নয়। স্বাধীন বাংলাদেশে ও জোটবদ্ধ আন্দোলনের সুফলের নজির রয়েছে, আমরা যেন বায়ান্ন ও একাত্তরের অঙ্গীকার ভুলে না যাই। ২১ ফেব্রুয়ারি স্মরণে আমাদের নানা অনুষ্ঠান আয়োজনের অন্যতম অনুষঙ্গ অমর একুশে গ্রন্থমেলা, ব্যাপকভাবে যে মেলাটি একুশের বইমেলা হিসেবে পরিচিত।

বর্তমান বিশ্বে অন্যতম উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে মাতৃভাষাকে টেকসই করতে প্রযুক্তির ব্যবহার নিয়ে। এ ব্যাপারে বাংলাদেশের অবস্থানটা কি তা আলোচনার দাবি রাখে। ভাষাকে টিকিয়ে রাখতে হলে ভাষাবিদদের পাশাপাশি রাষ্ট্র এবং প্রযুক্তিবিদদেরও সক্রিয় হতে হয়। মায়ের ভাষায় প্রযুক্তি ব্যবহার করেই দেশকে এগিয়ে নিতে হবে। আমাদের ইতিবাচক দিক হচ্ছে প্রযুক্তিমনস্ক সরকার ক্ষমতায়। প্রযুক্তির ব্যবহার করে বাংলাভাষায় লেখাপড়া ও চর্চা এবং ভাষাকে টেকসই করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টার বিশেষজ্ঞ জ্ঞান থেকে উৎসারিত সরকারি কিছু উদ্যোগ দেশকে আশাবাদী করছে। প্রধানমন্ত্রী এক দরজা থেকে সেবা প্রদানের প্ল্যাটফর্মের (জেলা তথ্য বাতায়ন) নাম বাংলায় রাখেন। এরই ধারাবাহিকতায় সর্ববৃহৎ প্ল্যাটফর্মটিরও নাম রাখা হয় 'জাতীয় তথ্য বাতায়ন'। এতে রয়েছে ৫২ হাজার ওয়েবসাইট, যা বাংলা ও ইংরেজিতে। ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোবাইল ফোনে বাংলায় খুদে বার্তা (এসএমএস) চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অন্তর্ভূক্তিমূলক সমাজ বিনির্মাণের ধারণাকে সামনে রেখে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশে প্রযুক্তিতে বাংলা ভাষার চর্চা হলেও এমুহূর্তে বাংলায় ভালো কনটেন্টের অভাব রয়েছে। তাই দেশের ১৭ কোটির বেশি মোবাইল ফোন, ১৩ কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী এবং ৫ কোটির বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর কথা মাথায় রেখে মাতৃভাষায় ভালো ভালো কনটেন্ট ও মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি হবে। আর তা করা হলে শুধু অর্থনৈতিক কার্যক্রম ও মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি, জ্ঞানার্জন এবং তথ্য ও সেবা পাওয়া নিশ্চিত করবে না, মাতৃভাষাকে বাঙালির মাঝে চিরঞ্জীব করতে সহায়তা করবে। কিন্তু সমস্যাটা হলো এক: মাতৃভাষার মাধ্যমে সর্বস্তরে এবং সব জনপদে শিক্ষাকে যদি কার্যকরভাবে জনপ্রিয় করা না যায়, তাহলে শিক্ষার হার বৃদ্ধি এবং এর প্রাসঙ্গিক উন্নয়ন নিয়ামকগুলোর তুলনামূলক প্রবৃদ্ধি কোনোভাবেই সম্ভব নয়; দুই: র্বতমান সরকার সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জাতি গঠন, শিক্ষার মাধ্যম, আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান করাসহ বহু উদ্দেশ্য সামনে রেখে শিক্ষার উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং স্বাধীনতার পর থেকে শিক্ষা সংস্কারের নামে কমিশন জাতির সামনে নিয়ে এসেছে। কিন্তু প্রাথমিক পর্যায়ে শিক্ষার যে ভিত বিশেষত ভাষা শিক্ষার ক্ষেত্রে তা খুবই দর্বল। যেমন ভাষা কি তা হলো মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম তা আমাদের কোমলমতি শিশুদের বোঝানোর মত শিক্ষক তেমন নেই। এই দুর্বলতা নিয়ে যখন এই শিশুরা বড় হয়ে উচ্চ পর্যাযে যায় তখন ভাষার প্রতি যে জাতীয়তাবোধ তা আর সৃষ্টি হয় না যা একটি বড় দুর্বলতা বলে প্রতিয়মান; তিন: আকাশ সংস্কৃতির কারনে অনেক ক্ষেত্রেই ইংরেজির ব্যবহার বাংলা ভাষার মর্যাদা নষ্ট করে দিচ্ছে। বাংলা ভাষাভাষী মানুষের কাছে তা মোটেই সুখকর নয়। এখনো দেশের বিজ্ঞজনদের অনেকেই সভা-সমিতিতে ইংরেজি ভাষায় বক্তৃতা করেন। তাঁদের কথা যে সবাই বুঝতে পারছে না, সেটা জেনেও তাঁরা তা করেন। এর মাধ্যমে আমাদের চেতনার মধ্যে ঔপনিবেশিক মানসিকতার ছাপ স্পষ্টভাবে পরিলক্ষিত হয়; চার: বাংলা ভাষা সমৃদ্ধকরণের কাজ এবং মৌলিক জ্ঞানসম্পন্ন সার্ভিস তৈরি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, আইওটির মতো প্রাগ্রসরমান (ফ্রন্টিয়ার) প্রযুক্তিকে কাজে লাগিয়ে। কিন্তু আমাদের ভিত্তিতে যে গলদ রয়ে গেছে তা দিয়ে বাংলা ভাষা অনুশিলনকারীদের কতটুকু ফলপ্রসু হবে তা গবেষনার বিষয়; পাঁচ: বাংলায় কথা বলা আর শুদ্ধ বাংলা ভাষার চর্চা এক বিষয় নয়। এই বিষয়গুলোর প্রতি আমাদেল দৃষ্টি খুবই সীমিত। ব্যাপারটা এরকম যে একটি বাচ্চাকে শুদ্ধ ভাষা না শিখিয়ে তার হাতে পিতা মাতা একটি স্মার্টফোন ধরিয়ে দেয় যা ভয়ংকর হতে বাধ্য এমনকি বিশ্বায়নের কারনে বাংলা ভাষা কি অন্যান্য ভাষার পাশাপাশি প্রতিযোগিতায় স্থান করে নিতে পারবে? দেশের রাস্তায় বিলবোর্ডগুলোতে অসুদ্ধ বাংলার উচ্চারন বা পাশাপাশি রুচি বিবর্জিত ইংরেজী ছবিগুলো আমাদের অসুস্থতারই লক্ষন বলে প্রতিয়মান হয়। দেশের ১০৫টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে এখনও বিষয় হিসাবে বাংলা চালু হয়নি, একুশের চিন্তা চেতনা মানেই দেশকে ভালবাসার পাশাপাশি অর্থনৈতিক মুক্তির অর্জনের অঙ্গীকার পূরন হয়নি, গবেষনায় বাংলা ভাষার ব্যবহার সীমিত হয়ে আছে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হয়নি যা ছিল প্রত্যাশিত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেয়া বাণীতে মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, ভাষা আন্দোলন ছিল বাঙালীর মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নিজস্ব জাতি সত্তা, স্বকীয়তা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষারও আন্দোলন। কালের আবর্তে পৃথিবীতে অনেক ভাষাই আজ বিপন্ন। একটা ভাষার বিলুপ্তি মানে একটা সংস্কৃতির বিলোপ, জাতিসত্তার বিলোপ, সভ্যতার অপমৃত্যু। তাই মাতৃভাষা ও নিজস্ব সংস্কৃতির বিকাশসহ সকল জাতি গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় বিশ্ববাসীকে সোচ্চার হওয়ারও তাগিদ জানান রাষ্ট্রপতি যা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য্। প্রধানমন্ত্রীও বলেছেন, এ আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছিল এবং এর সফল বাস্তবায়নে জাতীয় সমঝোতার প্রয়োজন।

লেখক: গবেষক, ডীন ও সিন্ডিকেট সদস্য, সিটি ইউনিভার্সিটি, ঢাকা।