
বিনিয়োগবার্তা ডেস্ক: সম্প্রতি ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জের ধরে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ফিন্যান্সিয়াল টেলিকম (সুইফট) থেকে বের করে দেয়। এতে রাশিয়ার সাতটি ব্যাংক সুইফট ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত হবে।
বুধবার (৩ মার্চ) সুইফট তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, 'সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন তাদের সহযোগী দেশ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে পরামর্শ করে একটি কূটনৈতিক সিদ্ধান্তে পৌঁছেছে। যুদ্ধের পরিস্থিতি শান্ত করতে রাশিয়াকে সুইফট থেকে নিষিদ্ধ করা হয়েছে। সুইফট এই সিদ্ধান্তের সঙ্গে একমত।'
সুইফট আরও জানায়, 'ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল রেগুলেশনের ২০২২/৩৪৫ নং ধারা অনুযায়ী ১ মার্চ ৭টি রাশিয়ান ব্যাংককে সুইফট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে জানা যায়, ওতকিত্রে ব্যাংক, নোভিকোম ব্যাংক, প্রোমজভিয়াজ ব্যাংক, রোসিয়া ব্যাংক, সোভকম ব্যাংক, ভিইবি ব্যাংক ও ভিটিবি ব্যাংককে সুইফটের নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
এর আগে চলতি সপ্তাহের শনিবার (২৬ ফেব্রুয়ারি) পশ্চিমা দেশগুলো জানায়, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ না করলে দেশটির নির্বাচিত কিছু ব্যাংককে সুইফট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এরই পরিপ্রেক্ষিতে সুইফট এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।
বিনিয়োগবার্তা/এসএল//