Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 03 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ ১৬ মার্চ ঢাকায় আসছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সংলাপে অংশ নিতে তিনি আসছেন। গতকাল বুধবার ঢাকার সৌদি দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান এ কথা জানান।

সৌদি রাষ্ট্রদূত বলেন, দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে এবং সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনা হবে। দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক সব কিছুতে দুই দেশের মধ্যে ঐকমত্য রয়েছে বলে তিনি জানান।

সৌদি বিনিয়োগ বাংলাদেশে আসার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলমান হলেও কোনো বিনিয়োগ সেই অর্থে হয়নি। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সৌদি বড় কোম্পানিগুলো বাংলাদেশে আসতে চায়, কিন্তু কভিডের জন্য এবং সরকারের কিছু নিয়মের জন্য দেরি হচ্ছে। বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ আগ্রহী জানিয়ে তিনি বলেন, নিকট ভবিষ্যতে ২৩টি বড় কোম্পানি একসঙ্গে বাংলাদেশে আসবে বলে আশা করা হচ্ছে।

গত মাসে সৌদি শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মধ্যে ভার্চুয়াল মিটিং হয়েছে এবং সেখানে বিনিয়োগ নিয়ে বড় ধরনের আলোচনা হয়েছে উল্লেখ করে সৌদি রাষ্ট্রদূত বলেন, আশা করি আগামী কয়েক মাসের ভেতরে আমরা বড় ধরনের অগ্রগতি দেখতে পাব।

বিনিয়োগবার্তা/ডিএফই//