
নিজস্ব প্রতিবেদক: সরকার রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাবের অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির সভায় এ সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনকে (বিএডিসি) রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন 'প্রডিনটর্গ' থেকে তৃতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়। ১৫০ কোটি ২১ লাখ ২৩ হাজার ২২০ টাকায় এ সার কেনা হবে।
সভাশেষে অর্থমন্ত্রী সংবাদকর্মীদের বলেন, ‘আগের চুক্তির ধারাবাহিকতায় এ অনুমোদন দেওয়া হয়েছে। সুইফটের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা হলে কারেন্সি সোয়াপ বা অল্টারনেটিভ ব্যবস্থা নেওয়ার বিষয় বিবেচনা করা হবে। তবে আমরা আশা করছি, যুদ্ধ তাড়াতাড়ি শেষ হবে।’
বিনিয়োগবার্তা/এসএল//