Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 06 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, প্রতিবেশী দুটি দেশ, ভারত ও বাংলাদেশের পোশাক ও বস্ত্র শিল্পের উন্নয়নে দেশ দুটির পরস্পরের পরিপূরক হওয়ার ব্যাপক সুযোগ রয়েছে।

তিনি দ্বি-পাক্ষিক বাণিজ্য সুবিধার উপায়গুলো খুঁজে বের করতে প্রতিবেশী দেশ দুটির ব্যবসায়িক সম্প্রদায় এবং বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও বাড়ানোর উপর  গুরুত্বারোপ করেন।

৫ মার্চ ঢাকার গুলশানে বিজিএমইএ এর পিআর অফিসে সিনথেটিক অ্যান্ড রেয়ন টেক্সটাইলস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (এসআরটিইপিসি) এর সাবেক চেয়ারম্যান শ্রী শ্রী নারিয়ান আগরওয়াল (Shri Sri Narain Aggarwal) এর সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ সময় বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদ উল্লাহ আজিম ও সহ-সভাপতি মিরান আলী উপস্থিত ছিলেন।

বৈঠকে তারা পারস্পরিক ব্যবসার সুযোগ চিহ্নিতকরণ এবং সুযোগগুলো সদ্ব্যবহার করার জন্য বিজিএমইএ এবং এসআরটিইপিসির মধ্যকার সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ ও ভারতের পোশাক ও বস্ত্র ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে উভয় সংগঠন কিভাবে একসাথে কাজ করতে পারে, সে বিষয় নিয়েও তারা আলোচনা করেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। অন্যদিকে, ভারতের শক্তিশালী বস্ত্র শিল্প রয়েছে। বাংলাদেশ ভারত থেকে ইয়ার্ন, ফেব্রিক্স, ডাইস, কেমিক্যালস এবং অন্যান্য কাঁচামাল আমদানি করে। আবার, ভারত বাংলাদেশের পোশাকের জন্য একটি প্রতিশ্রুতিশীল রপ্তানি বাজারও বটে।

বাংলাদেশ পণ্যে বৈচিত্র্যকরণ - কটন থেকে নন-কটন পণ্যে মনোনিবেশ করছে এবং ভারতের শক্তিশালী টেক্সটাইল শিল্পে ম্যান-মেইড ফাইবার উৎপাদিত হয়, যেটি কিনা বাংলাদেশের পোশাকখাতের চাহিদা মেটাতে পারে।

তিনি বলেন, "সুতরাং উভয় দেশ একে অপরের পরিপূরক হতে পারে এবং পারস্পরিক বাণিজ্য সুবিধা ভোগ করতে পারে।"

এসআরটিইপিসি এর সাবেক চেয়ারম্যান ভারতের সুরাটে ২০-২২ মার্চ, ২০২২-এ অনুষ্ঠিতব্য আসন্ন প্রদর্শনী "সোর্স ইন্ডিয়া ২০২২"-এ বাংলাদেশী পোশাক রপ্তানিকারকদের অংশগ্রহণের বিষয়ে বিজিএমইএ’র সহযোগিতা চেয়েছেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//