Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 08 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক মঙ্গলবার কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
    
কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ, তানভীর শাকিল জয় এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে Conference of the Parties (COP) এর কার্যপ্রণালী বিধি চূড়ান্তকরণ বিষয়ে প্রস্তাবনা; গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প সবুজায়ণে এবং সার্কূলার ইকোনমি সেক্টরে আসন্ন বাজেটে প্রস্তাবনাসমূহ; পরবর্তী কপ সম্মেলনের আগের ইভেন্টসমূহের বিষয়ে গৃহীত কর্মসূচি; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ADP বাস্তবায়নে প্রকল্প ভিত্তিক অগ্রগতি এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের বেদখলকৃত জমির তথ্য ও তা উদ্ধারে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

বৈঠকে পরিবেশের ক্ষয়ক্ষতিরোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ইজারাকৃত বালুমহলের হালনাগাদ তালিকা পরবর্তী সভায় উপস্থাপন এবং পরিবেশ দূষণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মনিটরিং জোরদার করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকে প্লাস্টিক উৎপাদনে স্থানীয় কাঁচামালের ট্যাক্স বাড়িয়ে উৎপাদন নিরুৎসাহিত করা এবং বন বিভাগের ভূমিতে অনুমোদনহীনভাবে গড়ে উঠা প্রতিষ্ঠানের তালিকা আগামী সভায় উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ADP বাস্তবায়নে প্রকল্পভিত্তিক অগ্রগতি প্রতিবেদন সম্পর্কে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন (আইএমইডি) বিভাগ কর্তৃক মূল্যায়ন প্রতিবেদন পরবর্তী সভায় উপস্থাপনের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকে পরিবেশ সম্পর্কিত কার্যক্রমে অবদানের জন্য ২০২৩ সালের ০৮ মার্চ নারী দিবস থেকে নারী ’এওয়ার্ড’ প্রদানের ব্যবস্থা চালুর জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

এছাড়া, পরিবেশ অধিদপ্তর এবং বন অধিদপ্তরের অর্গানোগ্রাম/জনবল সংক্রান্ত তথ্য উপাত্ত দ্রুততম সময়ের মধ্যে হালনাগাদ করতঃ যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও কমিটি  সুপারিশ করে।

বৈঠকের শুরুতে জাতির পিতার জন্মদিন ও মহান স্বাধীনতার মাসে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্থপতির প্রতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//