
নিজস্ব প্রতিবেদক: বেনাপোল স্থলবন্দরে গত শনি (৫ মার্চ) ও রোববার (৬ মার্চ) মাদক প্রবেশ নিয়ে কাস্টমসের মামলায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের কর্মবিরতিতে প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। পরে প্রশাসন, কাস্টমস ও ব্যবসায়ীদের যৌথ তদারকির আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করায় স্বাভাবিক হয়েছে বাণিজ্য।
বেনাপোল বন্দরে আধুনিক মানের স্ক্যানিং মেশিন থাকলেও রহস্যজনকভাবে প্রায়ই প্রবেশ করছে মাদকের চালানসহ আমদানি নিষিদ্ধ বিভিন্ন পণ্য। কিন্তু এখন পর্যন্ত কোনো অপরাধীকে চিহ্নিত করতে পারেনি প্রশাসন।
সড়ক যোগাযোগ ব্যাবস্থা সহজ হওয়ায় ভারতের সিংহভাগ পণ্যই আমদানি-রফতানি হয় বেনাপোল বন্দর দিয়ে। বাণিজ্যিক নিরাপত্তায় দুই বন্দরেই কড়া নজরদারিতে রয়েছে বিএসএফ, বিজিবি ও কাস্টমস-বন্দরের কয়েকশ নিরাপত্তা কর্মী।
এরপরও নিরাপত্তার বেড়াজাল টপকে বৈধ পণ্যের সঙ্গে দেশে চালান হচ্ছে মাদক ফেনসিডিল ও ভায়াগ্রা। এসব নিষিদ্ধ পণ্য চালানে প্রকৃত অপরাধীরা থেকে যাচ্ছে আইনের ধরা-ছোঁয়ার বাইরে। আধুনিক মানের স্ক্যানিং মেশিন থাকা সত্ত্বেও অবৈধ পণ্য প্রবেশে ক্ষোভ জানান সাধারণ ব্যবসায়ীরা।
প্রায় ৩ বছর ধরে স্ক্যানিং মেশিন থাকার সত্ত্বেও পুরোপুরিভাবে স্ক্যানিং হচ্ছে না মন্তব্য করে বন্দরের ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে এ কাজটি হলেও এখন পর্যন্ত কেউ ধরা পড়ল না। আমরা ব্যবসায়ীরা চাই, যারা প্রকৃত অপরাধী তাদের আইনের আওতায় আনতে হবে।
গেল বুধবার (২ মার্চ) ভারত থেকে ফেব্রিকস ভর্তি একটি ট্রাকে এক হাজার বোতল ফেনসিডিল, বিপুল পরিমাণে সিগারেট ও বোমা তৈরির সরঞ্জমসহ বিভিন্ন আমদানি নিষিদ্ধ পণ্য আসে বেনাপোল বন্দরে। এর আগে ৩ মেট্রিক টন ভায়াগ্রাসহ বিভিন্ন মাদক বন্দরে প্রবেশ করে। ফলে গত শনি ও রোববার মাদক প্রবেশ নিয়ে কাস্টমসের মামলায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের দুইদিনের কর্মবিরতিতে প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব হারায় সরকার। পরে কাস্টমস, প্রশাসন, বন্দর ও ব্যবসায়ী প্রতিনিধিদের যৌথ তদারকি থাকবে এমন সিদ্ধান্তে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
এবিষয়ে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল বলেন, মাদক জাতীয় কোনো পণ্য যাতে আমদানি না হতে পারে, সে বিষয়ে নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা হয়েছে।
উল্লেখ্য, বেনাপোল বন্দর দিয়ে প্রতিবছর ভারত থেকে প্রায় ৪০ হাজার কোটি টাকার পণ্য আমদানি হয়। এতে রাজস্ব আয় হয় ৬ হাজার কোটি টাকা।
বিনিয়োগবার্তা/এসএল//